যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন status ছাড়া অবস্থানরত ব্যক্তিদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত করতে নতুন আর্থিক প্রণোদনা চালু করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এ কর্মসূচির আওতায় নির্দিষ্ট যোগ্য ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে গেলে ২,৬০০ মার্কিন ডলার ‘এক্সিট বোনাস’ পাবেন। একই সঙ্গে তাদের নিজ দেশে ফেরার বিমানভাড়াও বহন করবে মার্কিন সরকার।
মার্কিন সরকারের এই উদ্যোগটি CBP Home মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য হলো অভিবাসন আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের গ্রেপ্তার বা জোরপূর্বক বহিষ্কারের পরিবর্তে স্বেচ্ছায় দেশ ছাড়তে উৎসাহিত করা।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) ২০২৬ সালের জানুয়ারিতে ঘোষণা করে, স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য আগে দেওয়া ১,০০০ ডলারের প্রণোদনা বাড়িয়ে ২,৬০০ ডলার করা হয়েছে। তৎকালীন DHS Secretary ক্রিস্টি নোয়েম এই অর্থকে ‘exit bonus’ হিসেবে ঘোষণা করেন।
এর আগে CBP Home ব্যবহার করে স্বেচ্ছায় দেশ ছাড়ার ক্ষেত্রে ১,০০০ ডলার দেওয়া হতো। নতুন ব্যবস্থায় সেই অর্থ বাড়িয়ে ২,৬০০ ডলার করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের জন্য বিনামূল্যে ভ্রমণের ব্যবস্থাও করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত যোগ্য ব্যক্তিরা CBP Home অ্যাপের মাধ্যমে নিজেদের স্বেচ্ছায় দেশে ফেরার ইচ্ছা জানাতে পারেন। DHS-এর তথ্য অনুযায়ী, আবেদন ও প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন হলে সরকার তাদের ভ্রমণের ব্যবস্থা করতে পারে এবং যুক্তরাষ্ট্র ছাড়ার পর ২,৬০০ ডলারের বোনাস দেওয়ার কথা রয়েছে।
এ কর্মসূচির আওতায় কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে থাকার সময় নির্ধারিত কাজ, পড়াশোনা বা ব্যক্তিগত বিষয় গুছিয়ে নেওয়ার সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি নির্দিষ্ট ধরনের অনাদায়ী সিভিল জরিমানা মওকুফের সুবিধাও রয়েছে।
অভিবাসন অধিকারবিষয়ক National Immigration Law Center (NILC) জানিয়েছে, সব অনিবন্ধিত অভিবাসী CBP Home কর্মসূচির জন্য যোগ্য নাও হতে পারেন। ব্যক্তির অভিবাসন পরিস্থিতি, মামলা এবং অন্যান্য বিষয় অনুযায়ী ঝুঁকি ও যোগ্যতা ভিন্ন হতে পারে।
এখানেও রয়েছে গুরুত্বপূর্ণ সতর্কতা। CBP Home-এর মাধ্যমে স্বেচ্ছায় ফেরার প্রক্রিয়ায় নাম লেখালে যোগ্য ব্যক্তিদের নির্ধারিত প্রস্থানের আগে ICE-এর আটক বা অপসারণ কার্যক্রমে অগ্রাধিকার কম দেওয়ার কথা বলা হয়েছে। তবে এর অর্থ গ্রেপ্তার বা আটক থেকে শতভাগ আইনি সুরক্ষা নিশ্চিত হওয়া নয়।
২০২৬ সালের একটি ঘটনায় CBP Home ব্যবহার করে স্বেচ্ছায় দেশে ফেরার প্রক্রিয়ায় থাকা একটি গুয়াতেমালান পরিবারকে ICE আটক করে পরে গুয়াতেমালায় ফেরত পাঠায়। সংশ্লিষ্ট ঘটনায় অ্যাপের প্রক্রিয়া এবং আলাদা ICE অ্যাপয়েন্টমেন্টের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়।
স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত ভবিষ্যতে বৈধভাবে যুক্তরাষ্ট্রে ফেরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যাদের বিরুদ্ধে অপসারণের আদেশ, বেআইনি প্রবেশ বা অন্য কোনো অভিবাসন-সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা বা অতিরিক্ত আইনি বাধা তৈরি হতে পারে।
তাই শুধু ২,৬০০ ডলারের প্রণোদনা দেখেই সিদ্ধান্ত নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী একজন অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়ার পর সিদ্ধান্ত নেওয়াই নিরাপদ—এমন সতর্কতাও NILC দিয়েছে।
এই কর্মসূচির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, স্বেচ্ছায় দেশত্যাগ (self-deportation) এবং আদালত বা সরকারের মাধ্যমে জোরপূর্বক অপসারণ (deportation/removal) এক বিষয় নয়।
স্বেচ্ছায় ফেরার ক্ষেত্রে ব্যক্তি নিজেই দেশ ছাড়ার সিদ্ধান্ত জানান এবং সরকারের সহায়তায় নিজ দেশে ফিরে যান। অন্যদিকে ডিপোর্টেশনে অভিবাসন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যক্তিকে যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে দেওয়া হয়।
ট্রাম্প প্রশাসন বর্তমানে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে স্বেচ্ছায় প্রত্যাবর্তনকে উৎসাহিত করার পাশাপাশি ব্যাপক অভিবাসন আইন প্রয়োগের ওপরও জোর দিচ্ছে।
মার্কিন সরকারের দাবি, স্বেচ্ছায় প্রত্যাবর্তন কর্মসূচি অভিবাসীদের জন্য তুলনামূলকভাবে কম কঠোর একটি পথ তৈরি করছে। এর মাধ্যমে সরকার আটক, হেফাজত ও জোরপূর্বক বহিষ্কারের খরচও কমাতে পারবে বলে প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে।
অন্যদিকে অভিবাসন অধিকারকর্মীদের একটি অংশ কর্মসূচিটির বাস্তব প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের প্রশ্ন, অ্যাপে ব্যক্তিগত তথ্য দেওয়ার পর সেই তথ্য কীভাবে ব্যবহার করা হবে এবং স্বেচ্ছায় ফেরার প্রক্রিয়ায় থাকা ব্যক্তিরা বাস্তবে কতটা সুরক্ষা পাবেন।
এ ছাড়া কিছু ক্ষেত্রে স্বেচ্ছায় ফেরার পর প্রতিশ্রুত অর্থ পাওয়ার বিষয়ে সমস্যার খবরও প্রকাশিত হয়েছে। ফলে কর্মসূচিটি নিয়ে বাস্তব অভিজ্ঞতা ও সরকারি প্রতিশ্রুতির মধ্যে পার্থক্য রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
DHS-এর সরকারি ওয়েবসাইটে বর্তমানে বলা হচ্ছে, CBP Home-এর মাধ্যমে স্বেচ্ছায় দেশত্যাগকারীদের জন্য বিনামূল্যে ভ্রমণ, ২,৬০০ ডলারের exit bonus এবং নির্দিষ্ট অনাদায়ী জরিমানা মওকুফের সুবিধা রয়েছে।
সূত্র: এবিসি নিউজ
আরও পড়ুন:







