প্রশান্ত মহাসাগরে শক্তি বাড়িয়ে ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় লালা। ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ মাইল বা প্রায় ১২০ কিলোমিটার বেগে বাতাস নিয়ে ঝড়টি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের বিগ আইল্যান্ডের দক্ষিণ পাশ দিয়ে অতিক্রম করেছে। সরাসরি স্থলভাগে আঘাত না করলেও প্রবল বৃষ্টি, ঝোড়ো বাতাস, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে রয়েছে দ্বীপপুঞ্জটি।
মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী, লালা শনিবার ক্যাটাগরি-১ হারিকেনে পরিণত হয়। ঝড়টির কেন্দ্র বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তের কাছ দিয়ে অতিক্রম করায় দ্বীপটির বিভিন্ন এলাকায় শক্তিশালী বাতাস ও মুষলধারে বৃষ্টি শুরু হয়। তবে হারিকেনটির চোখ দ্বীপের দক্ষিণে দিয়ে যাওয়ায় সরাসরি স্থলভাগে আঘাতের আশঙ্কা শেষ পর্যন্ত এড়ানো সম্ভব হয়েছে।
স্থানীয়ভাবে ঝড়ের প্রভাবে সড়ক প্লাবিত হয়েছে এবং কয়েকটি নদী ও জলধারা দ্রুত ফুলে উঠেছে। পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা বিশেষভাবে বেশি বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। বিগ আইল্যান্ডের কিছু এলাকায় সর্বোচ্চ ২৫ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল।
হারিকেনের প্রভাবে বিগ আইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন জানিয়েছেন। প্রবল বাতাস ও বৃষ্টির মধ্যে সড়কে চলাচল বিপজ্জনক হয়ে পড়ায় বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে।
ঝড়ের কারণে হাওয়াইয়ের বিভিন্ন এলাকায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। শনিবারের এক পর্যায়ে ৪২ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। ঝোড়ো বাতাসে গাছ উপড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঝড়ের নিরাপত্তাজনিত কারণে বিগ আইল্যান্ডের হিলো আন্তর্জাতিক বিমানবন্দর ও কোনা আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। কয়েকটি দ্বীপের বাণিজ্যিক বন্দরও বন্ধ করে দেওয়া হয়। শত শত ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন ও বাতিলের প্রভাব পড়েছে।
এদিকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি নির্দেশনা অনুসরণ এবং বন্যার পানিতে প্রবেশ না করার আহ্বান জানিয়েছে।
লালা বিগ আইল্যান্ড অতিক্রম করার পর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাওয়ায় মাউই, ওহু ও কাউয়াইসহ হাওয়াইয়ের অন্যান্য দ্বীপেও ঝোড়ো বাতাস, ভারী বৃষ্টি ও বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা রয়েছে। বিভিন্ন এলাকায় ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা বহাল রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঝুঁকি কিছু সময় ধরে অব্যাহত থাকতে পারে। লালা ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকলেও এর বৃষ্টিবাহী মেঘ ও শক্তিশালী বাতাস হাওয়াইয়ের অন্যান্য অংশে প্রভাব ফেলতে পারে।
লালাকে ঘিরে হাওয়াইয়ে উদ্বেগের অন্যতম কারণ ছিল বিগ আইল্যান্ডে সরাসরি হারিকেন আঘাত হানার সম্ভাবনা। এমনটি ঘটলে তা দীর্ঘ সময়ের মধ্যে বিরল ঘটনা হতো। শেষ পর্যন্ত ঝড়টির কেন্দ্র দ্বীপের দক্ষিণ পাশ দিয়ে চলে যাওয়ায় সরাসরি স্থলভাগে আঘাতের আশঙ্কা এড়ানো গেছে।
তবে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে নিচু এলাকা, পাহাড়ি অঞ্চল এবং নদী-খালের কাছাকাছি বসবাসকারীদের আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বিবেচনায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন:







