News Ticker
221.png

প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬ ২১:২৩

শেয়ার

শেয়ার

প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা
ছবি: সংগৃহীত

প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার ক্ষোভ ও প্রতিশোধের জেরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাবেক প্রেমিকাসহ চারজনকে গুলি করে হত্যার ঘটনায় দোষ স্বীকার করেছেন ২১ বছর বয়সী এক তরুণ। হত্যাকাণ্ডের পর প্রমাণ নষ্ট করতে বাড়িতে আগুনও ধরিয়ে দিয়েছিলেন তিনি। ঘটনাটি ঘটে ২০২৪ সালের নভেম্বরে ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টারে।

অভিযুক্ত তরুণের নাম মিগুয়েল দিয়েগো স্যান্ডোভাল। লস অ্যাঞ্জেলেস কাউন্টি প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, তিনি তাঁর সাবেক প্রেমিকা জানভি মাকুইনদাংয়ের বাড়িতে ঢুকে চারজনকে গুলি করে হত্যা করেন। নিহত অন্য তিনজন হলেন ক্রিস্টিন আকা-আক, এডউইন গার্সিয়া ও ম্যাথিউ মন্টেবেলো। তাঁদের বয়স ছিল যথাক্রমে ২৫, ২৪ ও ২১ বছর।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের ১৬ নভেম্বর রাতে স্যান্ডোভাল সাবেক প্রেমিকার ল্যাঙ্কাস্টারের নর্থ ট্যাবলার অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে গোপনে অপেক্ষা করছিলেন। পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর তিনি বাড়িতে প্রবেশ করেন।

এরপর একে একে চারজনকে গুলি করে হত্যা করা হয়। তদন্তকারীদের মতে, ঘটনাটি আকস্মিক নয়; বরং সম্পর্ক ভেঙে যাওয়ার পর ক্ষোভ ও প্রতিশোধের বশে তিনি পরিকল্পিতভাবে হামলাটি চালান।

চারজনকে হত্যার পর স্যান্ডোভাল পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। আগুনে বাড়ির তিনটি পোষা কুকুরও মারা যায়।

হামলার সময় বাড়ির ভেতরে দুটি শিশুও ছিল। তাদের একজন ১৬ বছর বয়সী কিশোর তালাবদ্ধ একটি কক্ষ থেকে জরুরি নম্বরে ফোন করে সাহায্য চায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশু দুটিকে জীবিত উদ্ধার করে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নাথান জে. হকম্যানের কার্যালয় জানিয়েছে, স্যান্ডোভাল আদালতে চারটি ফার্স্ট-ডিগ্রি হত্যা, একটি হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, ডাকাতি, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা এবং শিশু নির্যাতন-সংক্রান্ত অভিযোগে নিজের অপরাধ স্বীকার করেছেন।

প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী, সম্পর্কের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রতিশোধের মানসিকতা থেকেই এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানো হয়।

বর্তমানে স্যান্ডোভাল হেফাজতে রয়েছেন। আদালতে দোষ স্বীকার করায় তাঁর বিরুদ্ধে দীর্ঘমেয়াদি কারাদণ্ডের পথ তৈরি হয়েছে। আগামী ১৭ নভেম্বর বিচারক তাঁর চূড়ান্ত সাজা ঘোষণা করবেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ChannelNRB Footer