News Ticker
221.png

ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমন্ত অবস্থায় আগুনে ৭ তীর্থযাত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬ ১৬:০৪

শেয়ার

শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমন্ত অবস্থায় আগুনে ৭ তীর্থযাত্রীর মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিখ্যাত তীর্থস্থান তারাপীঠে একটি চারতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত সাত তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোরে অধিকাংশ অতিথি ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন ছড়িয়ে পড়লে এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

স্থানীয় সংবাদমাধ্যম ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, তারাপীঠ মন্দিরের কাছের একটি বেসরকারি হোটেলের নিচতলায় ভোর সাড়ে ৪টা থেকে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ধোঁয়া ও আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তখন হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ওপরের তলার অনেক অতিথি বের হওয়ার সুযোগ পাননি। ঘন ধোঁয়ায় শ্বাসকষ্টে অনেকে আটকা পড়েন। নিহতদের মধ্যে তীর্থযাত্রী ছিলেন, যারা শ্রাবণ মাস উপলক্ষে তারাপীঠ মন্দিরে পূজা দিতে এসেছিলেন।

খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

হোটেল কর্তৃপক্ষের প্রাথমিক দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। একই সঙ্গে হোটেলটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, হোটেলের জরুরি বহির্গমন ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে। অতিথিদের নিরাপদে বের হওয়ার ক্ষেত্রে কী ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, তা তদন্তকারীরা খতিয়ে দেখছেন।

ঘটনার পর পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিচয় শনাক্ত এবং স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আহত কয়েকজনের অবস্থা গুরুতর বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

তারাপীঠে তীর্থযাত্রীর ভিড়ের সময় এমন অগ্নিকাণ্ডে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ এবং হোটেলের নিরাপত্তা ব্যবস্থার কোনো গাফিলতি ছিল কি না, তা আরও স্পষ্ট হবে।

সূত্র: দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস 

ChannelNRB Footer