News Ticker
221.png

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৬ ২১:৫৩

শেয়ার

শেয়ার

ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক
ছবি: সংগৃহীত

ভয়াবহ ভূমিকম্পের কয়েক দিনের মধ্যেই আবারও শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চল। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় দেশটির ফ্লোরেস এলাকায় ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) ও ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে এর কেন্দ্র ফ্লোরেস অঞ্চলের কাছাকাছি নির্ধারণ করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে নতুন করে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনও না শুকাতেই নতুন এই কম্পন স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়িয়েছে।

এর আগে ১৫ আগস্ট ফ্লোরেসে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বহু মানুষ হতাহত ও বাস্তুচ্যুত হন। এরপর থেকে অঞ্চলটিতে একের পর এক আফটারশক অনুভূত হচ্ছে।

ইন্দোনেশিয়ার ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা BMKG-এর তথ্য উদ্ধৃত করে স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ২০ আগস্ট সকাল পর্যন্ত ফ্লোরেস অঞ্চলে হাজারেরও বেশি আফটারশক রেকর্ড হয়েছে; এর মধ্যে কয়েকটি কম্পনের মাত্রা ৫-এর ওপরে ছিল।

ভূমিকম্পপ্রবণ ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সাম্প্রতিক ধারাবাহিক কম্পনের কারণে ফ্লোরেসের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer