News Ticker
221.png

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত অন্তত ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৫:২৬

শেয়ার

শেয়ার

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, নিহত অন্তত ১৬
ছবি: সংগৃহীত

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি ব্যস্ত শপিং মলে রাশিয়ার পরপর দুই দফা ড্রোন হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩০ জনের বেশি। আহতদের মধ্যে ২২ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। শুক্রবার (২১ আগস্ট) দিনের ব্যস্ত সময়ে এ হামলা চালানো হয়।

স্থানীয় গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলার পরও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আহতদের মধ্যে ২৯ জনের অবস্থা গুরুতর। এছাড়া অন্তত ৯ জন নিখোঁজ রয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শপিং মলটিতে প্রথম ড্রোন হামলার প্রায় ৩০ মিনিট পর দ্বিতীয় একটি ড্রোন আঘাত হানে। তাঁর অভিযোগ, দ্বিতীয় হামলাটি ঘটনাস্থলে উদ্ধারকাজে আসা জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে চালানো হয়ে থাকতে পারে। এই ধরনের কৌশলকে সামরিক পরিভাষায় ‘ডাবল-ট্যাপ’ হামলা বলা হয়।

জেলেনস্কি হামলাটিকে ‘বর্বরতা’ ও ইচ্ছাকৃত সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে রাশিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসও হামলার নিন্দা করেছেন। 

ড্রোন হামলার পর শপিং মলে আগুন ছড়িয়ে পড়ে এবং ভবনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। দমকল ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে অভিযান চালান। রাতভর উদ্ধার তৎপরতা চললেও কয়েকজনের অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি। 

ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই শহরটি একাধিকবার রুশ হামলার লক্ষ্য হয়েছে।

শুক্রবার ইউক্রেনের অন্যান্য এলাকাতেও রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভে পৃথক ড্রোন হামলায় চারজন নিহত হন, যাদের মধ্যে তিনজন শিশু। পরবর্তী রাতেও কিয়েভ ও জাপোরিঝঝিয়া অঞ্চলে হামলায় আরও প্রাণহানির খবর পাওয়া গেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় সাড়ে চার বছর ধরে উভয় পক্ষই দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বেসামরিক এলাকা ও অবকাঠামোতে হামলার মাত্রা বেড়েছে, ফলে বেসামরিক মানুষের হতাহতের ঘটনাও বাড়ছে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer