News Ticker
221.png

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নারীসহ নিহত অন্তত ১৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ আগস্ট, ২০২৬ ১৫:২৯

শেয়ার

শেয়ার

মিয়ানমারে বৌদ্ধ মঠে বিমান হামলা, নারীসহ নিহত অন্তত ১৪
ছবি: সংগৃহীত

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিয়াং টাউনশিপের সোয়েল লে ওহ গ্রামের একটি বৌদ্ধ মঠে এ হামলা চালানো হয় বলে স্থানীয় বাসিন্দা ও একটি বিরোধী গোষ্ঠীর বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এলাকাটি দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় থেকে প্রায় ৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সংস্থা সিডিএসওএমের মুখপাত্র নুয়ে উ জানান, একটি যুদ্ধবিমান থেকে মঠ প্রাঙ্গণে বোমা ফেলা হয়। স্থানীয় এক বাসিন্দার ভাষ্য অনুযায়ী, প্রায় ১৫ মিনিটের ব্যবধানে দুটি বোমা ফেলা হয়েছিল। এর একটি সরাসরি মঠে আঘাত হানে এবং অপরটি কাছের একটি বাড়িতে পড়ে।

হামলার সময় মঠটিতে বৌদ্ধদের সপ্তাহব্যাপী একটি ধ্যান ও প্রার্থনা কর্মসূচি চলছিল। বৌদ্ধ ধর্মীয় লেন্ট উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঠে জায়গা না হওয়ায় অংশগ্রহণকারীদের একটি অংশ পাশের বাড়িতেও অবস্থান করছিলেন। দ্বিতীয় বোমাটি ওই বাড়ির ক্ষয়ক্ষতি করে। হামলার পর হতাহতদের উদ্ধারে স্থানীয় বাসিন্দারা ও গণতন্ত্রপন্থী কর্মীরা কাজ করেন। 

মিয়ানমারে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী ও বিভিন্ন সশস্ত্র প্রতিরোধকারী গোষ্ঠীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এই সংঘাতে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান হামলা, স্থলযুদ্ধ ও বেসামরিক হতাহতের ঘটনা নিয়মিত ঘটছে।

সাগাইং অঞ্চলের এই হামলাও সেই দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যেই ঘটল। ধর্মীয় স্থাপনায় হামলা এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনায় দেশটির চলমান মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: এপি নিউজ

ChannelNRB Footer