জাপানের রাজধানী টোকিওসহ পূর্বাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (২৩ আগস্ট) স্থানীয় সময় ভোররাত ২টার দিকে আঘাত হানা ৫ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগের চোট গুরুতর নয়।
জাপান আবহাওয়া সংস্থার (JMA) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ থেকে ৭০ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে।
ভূমিকম্পের ঝাঁকুনি টোকিও, ইবারাকি, সাইতামা, চিবা ও কানাগাওয়া প্রিফেকচারের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। জাপানের সাত-ধাপের ভূমিকম্পের তীব্রতা সূচকে কয়েকটি এলাকায় সর্বোচ্চ ‘লোয়ার ৫’ মাত্রার কম্পন রেকর্ড করা হয়েছে।
অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় ভূমিকম্পের ঝাঁকুনিতে আতঙ্কিত হয়ে বিছানা থেকে উঠে পড়েন। এ সময় পড়ে গিয়ে কিংবা দরজা ও আসবাবপত্রের সঙ্গে ধাক্কা লেগে অনেকে আহত হয়েছেন। কানাগাওয়ার ইয়োকোহামায় ৮০ বছরের বেশি বয়সী এক নারী পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই। দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতেও এখন পর্যন্ত কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর টোকিওসহ বিভিন্ন এলাকায় মানুষের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। কয়েকটি এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহে সাময়িক সমস্যা দেখা দেয়। টোকিওর একটি এলাকায় ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে যাওয়ার ঘটনাও ঘটে।
ভূমিকম্পের প্রভাবে টোকিও ও আশপাশের এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। টোকিও ও নারিতা বিমানবন্দরগামী কয়েকটি এক্সপ্রেস ট্রেনসহ স্থানীয় ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটে। তবে শিনকানসেন বুলেট ট্রেন পরিষেবা স্বাভাবিক ছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা শক্তিশালী কম্পন অনুভূত হওয়া এলাকাগুলোতে সম্ভাব্য পরাঘাত বা আফটারশকের বিষয়ে সতর্ক থাকতে বলেছে। আগামী প্রায় এক সপ্তাহ এসব এলাকায় আবারও শক্তিশালী কম্পন হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় জাপান সরকার একটি বিশেষ টাস্কফোর্স সক্রিয় করেছে। উদ্ধার ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
সূত্র: এপি নিউজ
আরও পড়ুন:







