ভারতের মহারাষ্ট্রে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) ভোরে অমরাবতী জেলার জেলা মহিলা হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে এ অগ্নিকাণ্ড ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে এনআইসিইউর একটি ভেন্টিলেটর থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভেন্টিলেটরে বিস্ফোরণ বা বৈদ্যুতিক ত্রুটির পর আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
ঘটনার সময় এনআইসিইউর বিভিন্ন অংশে মোট ৩৯টি নবজাতক চিকিৎসাধীন ছিল। আগুন লাগার পর চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। একটি অংশে থাকা নয় শিশুর মধ্যে তিনজনের মৃত্যু হয়; বাকি ছয়জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্য অংশগুলো থেকেও ৩৬ শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
গুরুতর অবস্থায় থাকা কয়েকজন নবজাতককে উন্নত চিকিৎসার জন্য সুপার-স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন ও ধোঁয়ার কারণে কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনদের মধ্যে দেখা দেয় উদ্বেগ ও শোক। কীভাবে হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত হলো এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় কোনো ঘাটতি ছিল কি না—তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় মহারাষ্ট্রের প্রশাসনের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হাসপাতালের নিরাপত্তাব্যবস্থায় কোনো গাফিলতি ছিল কি না, তা স্পষ্ট হবে।
সূত্র: দা নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
আরও পড়ুন:







