News Ticker
221.png

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬ ২১:৫০

শেয়ার

শেয়ার

ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে সৌদি আরব
ছবি: সংগৃহীত

সৌদি আরব ও ফ্রান্সের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে একটি নতুন চুক্তি স্বাক্ষর হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ফ্রান্স সফরের সময় প্যারিসের এলিসি প্রাসাদে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা এ চুক্তিতে সই করেন। চুক্তির মাধ্যমে আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি, অস্ত্র ও সামরিক প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এবং ফ্রান্সের সশস্ত্র বাহিনী ও ভেটেরান্সবিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভট্রিন প্রতিরক্ষা অংশীদারত্ব জোরদারের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ স্বাক্ষর অনুষ্ঠানের সাক্ষী ছিলেন।

চুক্তিতে আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা ও সংশ্লিষ্ট প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রশিক্ষণ ও সামরিক শিক্ষা ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের কথা বলা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, নতুন ঘোষণাটি দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ধারাবাহিকতা। এতে অস্ত্র ও প্রশিক্ষণসহ প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ফ্রান্স সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরে তিনি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন এবং প্রথমবারের মতো অনুষ্ঠিত ফ্রাঙ্কো-সৌদি কৌশলগত অংশীদারত্ব পরিষদের বৈঠকে অংশ নেন।

প্রতিরক্ষা ছাড়াও দুই দেশের মধ্যে স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান প্রযুক্তি, বিনোদন, জ্বালানি, পরিবহন ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, সফরকালে ২২টির বেশি চুক্তি ও সমঝোতা ঘোষণার বিষয়টি স্বাগত জানিয়েছে দুই পক্ষ। 

ফ্রান্স ও সৌদি আরবের নতুন প্রতিরক্ষা সহযোগিতা এমন এক সময়ে জোরদার হলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বাড়াতে সমন্বয় জোরদারের কথাও জানিয়েছে। 

যৌথ বিবৃতিতে দুই দেশ ইয়েমেন, সিরিয়া ও সুদানের পরিস্থিতি নিয়েও অবস্থান তুলে ধরেছে। একই সঙ্গে সৌদি আরবের ভূখণ্ডে হামলার বিরুদ্ধে ফ্রান্সের সমর্থনের কথা জানানো হয়েছে। 

সৌদি আরব এর আগে চলতি মাসের ৭ আগস্ট তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছিল। তার পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার ঘোষণা এলো।

তবে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটিকে সামরিক জোট হিসেবে না দেখে বিদ্যমান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা অংশীদারত্ব সম্প্রসারণের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সৌদি ও ফরাসি কর্তৃপক্ষও এটিকে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার সম্প্রসারণ হিসেবে বর্ণনা করেছে।

২০২৬ সালে সৌদি আরব ও ফ্রান্সের আনুষ্ঠানিক রাজনৈতিক সম্পর্কের ১০০ বছর পূর্ণ হয়েছে। দুই দেশের সম্পর্ক এখন প্রতিরক্ষা ছাড়িয়ে জ্বালানি, বিনিয়োগ, প্রযুক্তি, সংস্কৃতি ও আঞ্চলিক কূটনীতিতেও বিস্তৃত হচ্ছে। 

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১১ দশমিক ৮ বিলিয়ন ডলার। নতুন প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা বাড়ানোর উদ্যোগ দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও গভীর করতে পারে।

সূত্র: সৌদি গেজেট

ChannelNRB Footer