News Ticker
221.png

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬ ১৩:৫৬

শেয়ার

শেয়ার

ভারী বৃষ্টির কবলে সৌদি আরবের মক্কা, ‘রেড অ্যালার্ট’ জারি
ছবি: সংগৃহীত

ভারী বৃষ্টি, বজ্রঝড় ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ মাত্রার ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (NCM)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) মক্কাসহ আশপাশের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যে এ সতর্কতা জারি করা হয়।

NCM-এর সতর্কবার্তায় মক্কা অঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি দমকা ও শক্তিশালী বাতাস, বজ্রপাত, শিলাবৃষ্টি, দৃষ্টিসীমা কমে যাওয়া এবং আকস্মিক বন্যা বা পাহাড়ি ঢলের আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া কর্তৃপক্ষের সর্বশেষ সতর্কতায় তায়েফ, আল-কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে প্রবল বাতাস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

এ ছাড়া পবিত্র নগরী মক্কাসহ মক্কা অঞ্চলের আরও কয়েকটি এলাকায় বৃষ্টিপাত ও ঝড়ো আবহাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় মসজিদুল হারামেও বৃষ্টিপাতের সঙ্গে আকাশে বজ্রপাতের দৃশ্য দেখা যায়।

সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টির কারণে উপত্যকা ও নিচু এলাকায় দ্রুত পানি জমে ফ্ল্যাশ ফ্লাড বা আকস্মিক বন্যা তৈরি হতে পারে। বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতও পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে।

এ কারণে স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সতর্ক থাকার পাশাপাশি পানি জমে থাকা এলাকা, উপত্যকা, বাঁধ ও বন্যাপ্রবণ স্থান থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষও জনগণকে আবহাওয়া দপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে বৃষ্টির সময় উপত্যকা ও পানি প্রবাহিত হওয়ার পথ অতিক্রম না করা এবং জলাবদ্ধ এলাকায় প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে। 

NCM-এর হিসাবে, রেড অ্যালার্ট হলো সর্বোচ্চ মাত্রার আবহাওয়া সতর্কতা, যা সম্ভাব্য গুরুতর আবহাওয়াজনিত ঝুঁকির ক্ষেত্রে জারি করা হয়। 

মক্কার পাশাপাশি সৌদি আরবের আসির, আল-বাহা ও মদিনা অঞ্চলের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ধুলাবাহী শক্তিশালী বাতাসের আশঙ্কার কথাও জানিয়েছে NCM।

আবহাওয়ার এই পরিস্থিতিতে মক্কায় অবস্থানরত স্থানীয় বাসিন্দা, ওমরাহ পালনকারী ও অন্যান্য দর্শনার্থীদের সরকারি সতর্কবার্তা অনুসরণ করে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: সৌদি গেজেট

ChannelNRB Footer