নেপালে ভয়াবহ বন্যার পানিতে ভেসে আসা একটি সিন্দুক ঘিরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সিন্দুকটি ভেঙে পাওয়া গেছে বিপুল পরিমাণ নগদ অর্থ—প্রায় ৯৩ লাখ নেপালি রুপি। সিন্দুক থেকে টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের কাছ থেকে পুরো অর্থ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে নেপালের ধাদিং জেলায়। পুলিশ জানিয়েছে, বন্যার পানিতে ভেসে আসা সিন্দুকটি পরে ত্রিশূলী নদীর তীরে গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় পাওয়া যায়।
পুলিশের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে সিন্দুকটি ভেসে যাওয়ার পর স্থানীয় কয়েকজন সেটি দেখতে পান। পরে সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা টাকা বের করে নেওয়া হয়েছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে ২৯ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা।
সিন্দুকটির প্রকৃত মালিক কে এবং এর ভেতরে এত বিপুল পরিমাণ নগদ অর্থ কেন রাখা হয়েছিল—এখনও তা নিশ্চিতভাবে জানা যায়নি। অর্থের মালিকের সন্ধান এবং সিন্দুকটি কীভাবে বন্যার পানিতে ভেসে গেল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বেশির ভাগই ধাদিংয়ের গালছি এলাকার বাসিন্দা। তবে চিতওয়ান ও পারসাসহ অন্য এলাকার কয়েকজনও বর্তমানে ওই এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।
এদিকে নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। ২৯ আগস্ট প্রকাশিত সর্বশেষ সরকারি হিসাবে দেশটিতে ৬২৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং ২ হাজার ৪২৬ জন এখনো নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যাও উল্লেখযোগ্য।
বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এখনো উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। ভয়াবহ এই দুর্যোগের মধ্যেই বন্যার পানিতে ভেসে আসা সিন্দুক থেকে বিপুল অর্থ উদ্ধারের ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
আরও পড়ুন:







