News Ticker
221.png

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২৭ তীর্থযাত্রী নিহত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬ ২১:২৮

শেয়ার

শেয়ার

জিম্বাবুয়েতে মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ২৭ তীর্থযাত্রী নিহত
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের মধ্যাঞ্চলে একটি ট্রাক ও যাত্রীবাহী মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী হারারের দক্ষিণে চিভু শহরের কাছে হারারে-মাসভিঙ্গো মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। 

জিম্বাবুয়ে পুলিশের মুখপাত্র পল নিয়াথি জানান, স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মাকুমিমাভি প্রাইমারি স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। একটি বিদেশি নিবন্ধিত হোলেজ ট্রাক অন্য একটি যানকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

পুলিশের তথ্য অনুযায়ী, মিনিবাসটিতে একটি খ্রিষ্টান ধর্মীয় সম্প্রদায়ের সদস্যরা ছিলেন। তারা একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে দেমা থেকে মভুমার দিকে যাচ্ছিলেন। সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং যানটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাস্থলেই ২৩ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা গেলে মৃতের সংখ্যা বেড়ে ২৭-এ দাঁড়ায়। আহত সাতজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, স্বজনদের মাধ্যমে মরদেহ শনাক্ত করার পর নিহতদের নাম প্রকাশ করা হবে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ ও উভয় যানবাহনে থাকা যাত্রীর সংখ্যা নির্ধারণে তদন্ত চলছে। 

প্রাথমিক তদন্তে ট্রাকটির বিপজ্জনকভাবে ওভারটেক করার বিষয়টি সামনে এসেছে। তবে পুলিশ এখনও দুর্ঘটনার পূর্ণাঙ্গ কারণ নিশ্চিত করেনি। জিম্বাবুয়ের সড়কে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গাড়ি চালানো, রাতে অপর্যাপ্ত আলো এবং সড়কের দুরবস্থাকে দুর্ঘটনার গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করা হয়। 

চিভুর কাছে এই দুর্ঘটনা জিম্বাবুয়ের সাম্প্রতিক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার তালিকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। দেশটিতে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম মিনিবাস বা ‘কোম্বি’; এসব যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগও রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ের মহাসড়কে একাধিক বড় দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের এপ্রিলেও একটি মিনিবাসে আগুন লেগে অন্তত ১৮ জন নিহত হয়। ফলে দেশটির সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সূত্র: আল জাজিরা

ChannelNRB Footer