News Ticker
221.png

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৩৬

শেয়ার

শেয়ার

বসনিয়া-ক্রোয়েশিয়া সীমান্তে ৩৬ বাংলাদেশিসহ ৯৬ অভিবাসনপ্রত্যাশী আটক
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ক্রোয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে বসনিয়া ও হার্জেগোভিনায় ৩৬ বাংলাদেশিসহ মোট ৯৬ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সীমান্ত পুলিশ।

বসনিয়া ও হার্জেগোভিনার সীমান্ত পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের বিস্ত্রিকা এলাকায় পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। 

সীমান্ত পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় বুধবার বিকেলে বিস্ত্রিকা এলাকায় সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন ৬৩ জন। তাদের মধ্যে ৪০ জন পাকিস্তানি এবং ২৩ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।

পরে একই এলাকায় বুধবার রাতে দ্বিতীয় একটি দলকে সীমান্ত পার হওয়ার চেষ্টা থেকে বিরত করা হয়। ওই দলে ছিলেন মোট ৩৩ জন। তাদের মধ্যে ১৮ জন আফগানিস্তানের, ১৩ জন বাংলাদেশের এবং ২ জন পাকিস্তানের নাগরিক।

দুই অভিযানের হিসাব অনুযায়ী, মোট ৯৬ জনের মধ্যে ৩৬ জন বাংলাদেশি, ৪২ জন পাকিস্তানি এবং ১৮ জন আফগান নাগরিক।

সীমান্ত পুলিশের অভিযানের সময় ঘটনাস্থল থেকে দুটি নৌকা জব্দ করা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, সীমান্ত পারাপারের জন্য নৌকা দুটি ব্যবহার করার পরিকল্পনা ছিল।

বসনিয়া ও হার্জেগোভিনার প্রসিকিউটর অফিসের দায়িত্বপ্রাপ্ত প্রসিকিউটরের নির্দেশে নৌকা দুটি জব্দ করা হয়। একই সঙ্গে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর বসনিয়ার সার্ভিস ফর ফরেনার্স অ্যাফেয়ার্সের বানিয়া লুকা ফিল্ড সেন্টারকে বিষয়টি জানানো হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তবে আটক বাংলাদেশিদের পরিচয়, তারা কোন দেশ থেকে বসনিয়ায় প্রবেশ করেছেন কিংবা কতদিন ধরে সেখানে অবস্থান করছিলেন—এসব বিষয়ে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

বসনিয়া ও হার্জেগোভিনা ইউরোপে প্রবেশের চেষ্টা করা অনিয়মিত অভিবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট দেশ। আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা তুরস্ক ও বলকান অঞ্চলের বিভিন্ন দেশ হয়ে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টা করেন।

বসনিয়া থেকে ক্রোয়েশিয়ায় প্রবেশ করতে পারলে ইইউ অঞ্চলে ঢোকার সুযোগ তৈরি হয়। এ কারণে দেশ দুটির সীমান্ত দীর্ঘদিন ধরে অভিবাসনপ্রত্যাশীদের চলাচলের একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে বালকান রুটে ৪ হাজার ৯০০-এর বেশি অবৈধ সীমান্ত পারাপারের ঘটনা নথিভুক্ত হয়েছে। ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের হিসাবে, আগের বছরের একই সময়ের তুলনায় এ সংখ্যা ২৬ শতাংশ কম। 

সাম্প্রতিক ঘটনায় দুটি নৌকা জব্দ এবং দুই সন্দেহভাজনকে শনাক্ত করার মধ্য দিয়ে মানবপাচারকারী চক্রের সম্ভাব্য সম্পৃক্ততার বিষয়টিও সামনে এসেছে।

ইউরোপে পৌঁছানোর আশায় অভিবাসনপ্রত্যাশীরা অনেক সময় দালাল বা পাচারকারীদের মাধ্যমে দুর্গম সীমান্ত এলাকায় পৌঁছান। ঝুঁকিপূর্ণ নদী ও স্থলপথ ব্যবহার করে সীমান্ত পার হওয়ার সময় প্রাণহানি ও দুর্ঘটনার ঘটনাও ঘটে থাকে।

ChannelNRB Footer