যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা আরও দুই প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ফ্রেসনোর উত্তর-পশ্চিমাঞ্চলে -এর কাছে এ দুর্ঘটনা ঘটে। ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।
জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, বিমানটি সান জোয়াকিন নদীর তীরবর্তী উঁচু অংশে আগুন নিয়ে পড়ে আছে। ফ্রেসনো ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতেও তারা কাজ করেন।
দুর্ঘটনার সময় বিমানে মোট চারজন ছিলেন—দুই শিশু ও দুই প্রাপ্তবয়স্ক। ঘটনাস্থলেই দুই শিশুকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত দুই প্রাপ্তবয়স্ককে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানানো হয়েছে।
দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। একই সঙ্গে চারজনের মধ্যে পারিবারিক বা অন্য কোনো সম্পর্ক কী ছিল, সেটিও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক জরুরি তৎপরতা শুরু হয়। দুর্ঘটনার প্রভাবে আশপাশের কিছু বাড়িতে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেয়। পরে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB) তদন্তের দায়িত্ব নিয়েছে। তদন্তকারীরা বিমানের ধ্বংসাবশেষ, ঘটনাস্থলের পরিস্থিতি এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে দুর্ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা করবেন।
প্রাথমিক প্রতিবেদনে বিমানটিকে এক ইঞ্জিনবিশিষ্ট Grumman American Aviation Corp. AA-5 হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে দুর্ঘটনার আগে বিমানে কোনো যান্ত্রিক সমস্যা হয়েছিল কি না, উড্ডয়ন বা অবতরণের কোন পর্যায়ে দুর্ঘটনাটি ঘটে এবং আবহাওয়া বা অন্য কোনো কারণ এতে ভূমিকা রেখেছিল কি না—এসব বিষয় এখনো তদন্তাধীন।
কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করেনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বা বিভিন্ন দাবিকে নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা না করার পরামর্শ দেওয়া হচ্ছে। তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
ফ্রেসনো সিটি কাউন্সিলের সদস্য মাইক কারবাসি ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন:







