News Ticker
221.png

প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৮

শেয়ার

শেয়ার

প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশুর
ছবি: সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরের শহরতলি অবারভিলিয়েতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের অবারভিলিয়ের রুই পল-ভেরলেন এলাকায় একটি বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণটি ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির বড় একটি অংশ ধসে পড়ে।

নিহত শিশুটির নাম নাহিল। বাংলাদেশি পরিবারটির স্বজনদের বরাতে স্থানীয় ও বাংলাদেশি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শিশুটির বয়স দুই বছর। তার বাড়ি বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে। নাহিলের বাবা রাসেল বলে জানা গেছে। 

বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় নাহিলকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে। 

তবে ফরাসি প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে এএফপির প্রতিবেদনে নিহত শিশুটির বয়স তিন বছর বলা হয়েছে। ফলে শিশুটির সঠিক বয়স নিয়ে প্রাথমিক প্রতিবেদনে ভিন্নতা রয়েছে।

বিস্ফোরণে মোট সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জন ওই বাড়িতে বসবাসকারী পরিবারের সদস্য এবং একজন পথচারী বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 

বিস্ফোরণের পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিকট শব্দ, ধোঁয়া এবং ধ্বংসস্তূপের কথা জানিয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় আশপাশের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয় এবং নিরাপত্তার স্বার্থে এলাকায় একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি চিকিৎসাসেবা দল। উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কি না, তা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরসহ উদ্ধারকারী দল কাজ করে।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে। স্থানীয় মেয়র উদ্ধারকাজে অংশ নেওয়া দমকলকর্মী, পুলিশ ও জরুরি সেবাকর্মীদের প্রশংসা করেছেন।

ফরাসি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণটি ঘটেছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে বিচারিক তদন্ত শুরু হয়েছে।

অবারভিলিয়ের এ মর্মান্তিক ঘটনায় বাংলাদেশি শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হবিগঞ্জের বানিয়াচংয়ের নাহিলের গ্রামের বাড়িতেও শোকের পরিবেশ তৈরি হয়েছে। 

সূত্র: এএফপি  

ChannelNRB Footer