News Ticker
221.png

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:৪০

শেয়ার

শেয়ার

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫
ছবি: সংগৃহীত

আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই শিশু ও কিশোর, যাদের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। শনিবার রাতে দেশটির ফোগো দ্বীপের একটি পাহাড়ি সড়কে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাটি ফোগো দ্বীপের উত্তরের ক্যাম্পানাস দে সিমা (Campanas de Cima) এলাকার পাহাড়ি সড়কে ঘটে। যাত্রীবাহী বাসটি সড়ক থেকে ছিটকে প্রায় ৩০ মিটার গভীর একটি খাড়া খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৩২ জন ছিলেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই ছিল শিশু-কিশোর ও স্কুলশিক্ষার্থী। বাসটি ফোগো আগ্নেয়গিরির গর্তের ভেতরে অবস্থিত চা দাস কালদেরাস (Chã das Caldeiras) এলাকায় একটি ভ্রমণ শেষে সাও ফিলিপে ফিরছিল। ফেরার পথেই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, ভ্রমণটি কোনো স্কুলের আনুষ্ঠানিক শিক্ষা সফর ছিল না। বাসচালক নিজ উদ্যোগে প্রতিবছর শিক্ষার্থীদের নিয়ে এই ভ্রমণের আয়োজন করতেন। দুর্ঘটনায় ওই চালকও নিহত হয়েছেন।

দুর্ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল রাতভর অভিযান চালায়। তবে বাসটি যে এলাকায় পড়ে, সেটি ছিল পাথুরে ও দুর্গম। ফলে ধ্বংসস্তূপে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করতে উদ্ধারকর্মীদের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

আহতদের কয়েকজনকে ফোগো দ্বীপের সাও ফ্রান্সিসকো দে আসিস আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। 

দুর্ঘটনার ভয়াবহতার কারণে নিহতদের মধ্যে সাতজনের মরদেহ দ্রুত দাফন করা হয়। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহগুলোর অবস্থা খারাপ হয়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

ফোগো দ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে নিহতদের শেষকৃত্যে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের অংশ নিতে দেখা গেছে। ছোট এই দ্বীপের সম্প্রদায়ের মধ্যে দুর্ঘটনাটি গভীর শোকের সৃষ্টি করেছে।

কী কারণে বাসটি পাহাড়ি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে বেরিয়ে যাওয়ার কথা জানা গেলেও দুর্ঘটনার নির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো চূড়ান্ত বক্তব্য দেওয়া হয়নি। 

ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো কেপ ভার্দেতে শোক নেমে এসেছে। দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া পেরেইরা নেভেস ঘটনাটিকে ‘বড় বিপর্যয়’ হিসেবে উল্লেখ করে নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার পর দেশটিতে দুই দিনের শোক পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সূত্র: রয়টার্স

ChannelNRB Footer