ভারতের অন্ধ্রপ্রদেশে এক বাংলাদেশি ফার্মেসি শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে এক ভারতীয় যুবকের বিরুদ্ধে। পরে পালানোর সময় বহুতল ভবন থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার অচ্যুতাপুরম এলাকায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ওই শিক্ষার্থী ফার্মেসিতে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। ঘটনার মাত্র ১০ দিন আগে তিনি অচ্যুতাপুরমে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার সঙ্গে স্থানীয় একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত এক ব্যক্তি একই বাসায় থাকতেন।
ওই শিক্ষার্থীর বাসার পাশের একটি বহুতল ভবনে ভাড়া থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব (৪৩)। তিনি স্থানীয় একটি মদের দোকানে কাজ করতেন। দোকানের সামনে দিয়ে যাতায়াতের সময় তিনি ওই বাংলাদেশি শিক্ষার্থীকে কয়েকবার দেখেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন ওই শিক্ষার্থীর পুরুষ বন্ধু বা সহপাঠী কাজে বাইরে ছিলেন। এ সময় শিক্ষার্থী বাসায় একা ছিলেন।
অভিযোগ অনুযায়ী, এই সুযোগে কমলেশ যাদব ওই শিক্ষার্থীর বাসায় যান। শৌচাগার পরিষ্কার করে দেওয়ার কথা বলে তিনি বাসায় প্রবেশ করেন। কিছুক্ষণ পর ওই শিক্ষার্থীকে যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।
এ সময় ওই শিক্ষার্থী বাধা দিলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তিনি নিজেকে ছাড়িয়ে বাসা থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় কয়েকজনকে ডেকে তাদের কাছে ঘটনাটি জানান।
বাংলাদেশি শিক্ষার্থী স্থানীয়দের বিষয়টি জানালে পরিস্থিতি বুঝতে পারেন কমলেশ। এরপর তিনি পালানোর চেষ্টা করেন।
প্রতিবেদন অনুযায়ী, বহুতল ভবনের একটি পিলার বেয়ে নিচে নামার চেষ্টা করেন তিনি। কিন্তু নামার সময় ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে আনাকাপল্লী জেলা পুলিশ। সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও জানিয়েছেন, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীর কাছ থেকেও ঘটনার বিষয়ে তথ্য নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







