News Ticker
221.png

কঙ্গোতে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ হারালো শিশুসহ অন্তত ২৪ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৫২

শেয়ার

শেয়ার

কঙ্গোতে স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ হারালো শিশুসহ অন্তত ২৪ জন
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বুকাভুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে তা আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। পরে আগুনের লেলিহান শিখা পাশের দুটি স্কুলেও ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ১৯ জন মেয়ে ও পাঁচজন ছেলে রয়েছে। এ ঘটনায় আরও অন্তত ২৯ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বুকাভুর ঘনবসতিপূর্ণ একটি এলাকায় একটি বাড়িতে প্রথম আগুন লাগে। পরে সেটি দ্রুত আশপাশের ভবনে ছড়িয়ে পড়ে এবং ফুরাহা সেকেন্ডারি স্কুল ও উজামা প্রাইমারি স্কুলে আগুন ধরে যায়।

আগুনের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে স্কুলে থাকা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই প্রাণ বাঁচাতে স্কুলের দরজার দিকে ছুটে যায়। কিন্তু বের হওয়ার পথ সরু হওয়ায় সেখানে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা মোইস লুবালা জানিয়েছেন, আগুন থেকে বাঁচতে কিছু শিক্ষার্থী জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করে। অন্যরা সরু দরজা দিয়ে একসঙ্গে বের হওয়ার চেষ্টা করায় অনেকে পড়ে যান এবং পায়ের নিচে চাপা পড়েন।

কয়েকজন শিক্ষার্থী ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়েও মারা যান বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। আগুন ও আতঙ্কের মধ্যে শিক্ষার্থীদের একটি বড় অংশ নিরাপদে বের হতে পারেনি। 

ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। অনেককে স্কুলের পোশাক পরা অবস্থাতেই চিকিৎসা নিতে দেখা যায়।

অগ্নিকাণ্ডে অন্তত ২৯ জন আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসাকর্মীদের ওপরও ব্যাপক চাপ তৈরি হয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক আহত মানুষ হাসপাতালে পৌঁছানোয় তাদের সবার অবস্থা তাৎক্ষণিকভাবে নিরূপণ করা কঠিন হয়ে পড়ে বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন।

আগুন শুধু স্কুল দুটিতেই সীমাবদ্ধ থাকেনি। আশপাশের ঘরবাড়িতেও দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ এই আগুন। বিভিন্ন স্থানীয় প্রতিবেদনে প্রায় ৩০০টি স্থাপনা আগুনে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে।

বুকাভুর ওই এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ। অনেক বাড়ি কাঠ ও অন্যান্য দাহ্য উপকরণ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। 

ভয়াবহ এই অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

কঙ্গোর শিক্ষা মন্ত্রণালয়ও আগুনের কারণ খতিয়ে দেখছে। দেশটির পূর্বাঞ্চলের এই শহরে সাম্প্রতিক সময়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুকাভু ডিআর কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী। দীর্ঘদিন ধরে অঞ্চলটি সশস্ত্র সংঘাত ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে রয়েছে।

শহরটি বর্তমানে এম২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে গোষ্ঠীটি বুকাভুর নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানে নিজস্ব প্রশাসনিক কাঠামো গড়ে তোলে।

এই সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নতুন করে মানবিক সংকট তৈরি হয়েছে। স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা আগে থেকেই নানা চাপে থাকায় এত বিপুলসংখ্যক আহতের চিকিৎসা করাও কঠিন হয়ে পড়েছে।

সূত্র: এপি নিউজ 

ChannelNRB Footer