News Ticker
221.png

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫, আহত ৪০ জন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৫২

শেয়ার

শেয়ার

সুইজারল্যান্ডে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৫, আহত ৪০ জন
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি পর্যটকবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করেনি সুইস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে দেশটির গ্রাউবুন্ডেন (Graubünden) ক্যান্টনে সুশ (Susch) ও জেরনেজ (Zernez) গ্রামের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি একটি ডাচ পর্যটক দলের সদস্যদের নিয়ে চলাচল করছিল। পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৪৫ জন ছিলেন এবং সবাই ডাচ নাগরিক।

সুইস পুলিশের তথ্য অনুযায়ী, রক্ষণাবেক্ষণকাজ চলা একটি সড়কের অংশ দিয়ে যাওয়ার সময় বাসটি রাস্তার পাশের একটি নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

দুর্ঘটনার সময় ওই এলাকায় সড়কের একটি অংশ রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ ছিল। তবে ঠিক কী কারণে বাসটি নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা দিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় অন্য কোনো যানবাহন জড়িত ছিল না বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশের সর্বশেষ তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় পাঁচজন মারা গেছেন। আহত ৪০ জনের মধ্যে তিনজন গুরুতর অবস্থায়, সাতজন মাঝারি ধরনের আঘাত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি ৩০ জন সামান্য আহত হয়েছেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়। সাতটি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ১৩টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে কাজ করে। উল্টে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের বের করতে উদ্ধারকর্মীরা রাত পর্যন্ত অভিযান চালান। 

দুর্ঘটনাকবলিত বাসটি নেদারল্যান্ডসের একটি পর্যটন প্রতিষ্ঠানের আয়োজিত ভ্রমণের অংশ ছিল। ডাচ ট্যুর অপারেটর Oad দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

ডাচ রাজা উইলেম-আলেকজান্ডার ও রানি ম্যাক্সিমাও নিহতদের স্বজন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁরা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমর্থন প্রকাশ করেন।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সুইস পুলিশ ও প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন। বাসটি কেন নিরাপত্তাবেষ্টনীতে ধাক্কা দিল এবং চালকের কোনো ভুল বা অন্য কোনো কারণ এতে ভূমিকা রেখেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন দুর্ঘটনায় শোক প্রকাশ করে ঘটনাটির পূর্ণাঙ্গ ও বিস্তারিত তদন্তের আশ্বাস দিয়েছেন।

সূত্র: এপি নিউজ 

ChannelNRB Footer