News Ticker
221.png

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২০:৫৯

শেয়ার

শেয়ার

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২টি মাদরাসা বন্ধের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদরাসাকে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ করা হয়েছে। রাজ্যজুড়ে মাদরাসাগুলির পরিকাঠামো, সরকারি অনুমোদন, পরিচালন ব্যবস্থা ও শিক্ষাব্যবস্থা খতিয়ে দেখতে চালানো বিশেষ সমীক্ষার পর এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রশাসন। 

রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, যেসব মাদরাসার প্রয়োজনীয় অনুমোদন ও নির্ধারিত পরিকাঠামো রয়েছে, সেগুলি স্বাভাবিকভাবেই চলবে। অন্যদিকে যেসব প্রতিষ্ঠান প্রয়োজনীয় অনুমোদন বা ন্যূনতম পরিকাঠামোর শর্ত পূরণ করতে পারেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জুনের শুরু থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাদরাসাগুলির বিষয়ে মাঠপর্যায়ে যাচাই শুরু হয়। সরকারি ও বেসরকারি—দুই ধরনের প্রতিষ্ঠান সম্পর্কেই তথ্য সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানের অনুমোদন বা নথিভুক্তির অবস্থা, পরিচালন ব্যবস্থা, ছাত্রছাত্রীর সংখ্যা, শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি, পরিকাঠামো এবং শিক্ষাক্রম—একাধিক বিষয় খতিয়ে দেখা হয়। 

পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকা, ছাত্র বা শিক্ষকের সংখ্যা কম থাকা এবং নির্ধারিত শিক্ষাক্রম থেকে উল্লেখযোগ্য বিচ্যুতির মতো বিষয় উঠে এসেছে বলে সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমগুলি জানিয়েছে।

পরিদর্শনের পর জেলা প্রশাসনের রিপোর্টে প্রায় ২,১৩২টি মাদরাসাকে যথাযথ রেজিস্ট্রেশন/অ্যাফিলিয়েশনসহ চলতে দেখা গেছে। অন্যদিকে প্রায় ২,৩৯৬টি প্রতিষ্ঠান প্রয়োজনীয় রেজিস্ট্রেশন বা সরকারি/বোর্ডের অনুমোদন ছাড়াই চলছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে রাজ্যস্তরে পুনরায় যাচাইও করা হয়েছে।

তবে এই সংখ্যাগুলির মধ্যে সব প্রতিষ্ঠানকে একই ধরনের শাস্তির আওতায় আনা হয়নি। প্রশাসনের বক্তব্য অনুযায়ী, নির্দিষ্ট পরিকাঠামোগত ও অনুমোদন সংক্রান্ত ঘাটতির ভিত্তিতেই ২৫২টি মাদরাসার বিরুদ্ধে বন্ধের নির্দেশ এবং প্রায় ১০০টির বিরুদ্ধে শোকজ করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বন্ধের নির্দেশ পাওয়া মাদরাসার সংখ্যায় মালদহ এগিয়ে রয়েছে। সেখানে প্রায় ৪৪-৪৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এর পরেই রয়েছে উত্তর দিনাজপুর, যেখানে প্রায় ৩৭টি মাদরাসার বিরুদ্ধে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় এই সংখ্যা প্রায় ৩২টি। মুর্শিদাবাদ ও নদিয়াতেও প্রায় ২৫টি করে মাদরাসার বিরুদ্ধে একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। 

২৫২টি প্রতিষ্ঠানের পাশাপাশি আরও প্রায় ১০০টি মাদরাসাকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। এই প্রতিষ্ঠানগুলিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসন জানিয়েছে।

অর্থাৎ, ১০০টি মাদরাসার ক্ষেত্রে এখনও চূড়ান্ত বন্ধের সিদ্ধান্ত হয়নি। তাদের বক্তব্য ও নথিপত্র যাচাই করার পর পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।

মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেছেন, মাদরাসায় পড়ুয়া শিক্ষার্থীদেরও আধুনিক ও মূলধারার শিক্ষার সুযোগ নিশ্চিত করা সরকারের লক্ষ্য। পর্যাপ্ত পরিকাঠামো এবং নির্ধারিত শিক্ষাক্রম মেনে প্রতিষ্ঠান পরিচালনার ওপর প্রশাসন জোর দিচ্ছে। 

তবে এই অভিযানকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। কিছু সরকারি সূত্রের বক্তব্যে কিছু খারিজি মাদরাসায় নির্ধারিত শিক্ষাক্রমের বাইরে শিক্ষা দেওয়ার অভিযোগের কথা উঠে এসেছে। এ ধরনের অভিযোগের পাশাপাশি মাদরাসা নিয়ন্ত্রণের সরকারি উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে। 

ChannelNRB Footer