News Ticker
221.png

চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫৯

শেয়ার

শেয়ার

চিলিতে বৃদ্ধাশ্রমে ভয়াবহ আগুন, নিহত ১৬
ছবি: সংগৃহীত

চিলির দক্ষিণাঞ্চলের লা আরাউকানিয়া অঞ্চলের পিত্রুফকেন শহরের কাছে একটি বৃদ্ধাশ্রমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১০ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। শুক্রবার রাতে শুরু হওয়া আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা বের হওয়ার সুযোগ পাননি। 

স্থানীয় সময় শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ‘এল এদেন’ নামের ওই বৃদ্ধাশ্রমে আগুন লাগে। প্রতিষ্ঠানটি ভিলা কোমুই এলাকায়, পিত্রুফকেন ও গোরবিয়া শহরের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। রাজধানী সান্তিয়াগো থেকে এলাকাটি প্রায় ৬৪০ কিলোমিটার দক্ষিণে।

আগুন লাগার পর স্থানীয় দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় ৫০ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর ভবনের ভেতর থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ১০ জনকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে প্রায় ২৬ জন বাসিন্দা ছিলেন। তাদের অনেকেরই চলাফেরায় বিভিন্ন মাত্রার সমস্যা ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ফলে আগুন লাগার পর দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় সেখানে ২৬ জন প্রবীণ বাসিন্দার দেখাশোনার দায়িত্বে মাত্র একজন কর্মী ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি বাইরে গিয়ে দমকল বাহিনীকে খবর দেন এবং উদ্ধারকাজে সহযোগিতা করেন। তার উদ্যোগেই ১০ জনকে জীবিত বের করে আনা সম্ভব হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

অগ্নিকাণ্ডের পর ‘এল এদেন’ বৃদ্ধাশ্রমটি কীভাবে পরিচালিত হচ্ছিল, তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আগে থেকেই স্বাস্থ্যবিধি ও পরিচালনাগত অনিয়মের অভিযোগ ছিল এবং এ বিষয়ে প্রশাসনিক তদন্ত চলছিল।

লা আরাউকানিয়ার আঞ্চলিক কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতীতে সম্ভাব্য নির্যাতনের অভিযোগও উঠেছিল। অগ্নিকাণ্ডের পর সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রতিষ্ঠানটির পরিচালনার বৈধতা ও নিরাপত্তাব্যবস্থাও তদন্তের আওতায় এসেছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম El País-এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকার জানিয়েছে ‘এল এদেন’ প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল। বেঁচে যাওয়া বাসিন্দাদের অনুমোদিত ও নিরাপদ বৃদ্ধনিবাসে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। চিলির প্রসিকিউশন, পুলিশ ও ফরেনসিক তদন্তকারী দল ঘটনাস্থল পরীক্ষা করছে। আগুনের উৎস, ভবনের নিরাপত্তাব্যবস্থা এবং প্রতিষ্ঠানটি কী ধরনের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছিল—সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। 

মর্মান্তিক এই ঘটনায় পিত্রুফকেন এলাকায় গভীর শোক নেমে এসেছে। স্থানীয় মেয়র জ্যাকুলিন রোমেরো নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং তিন দিনের শোক ঘোষণা করেছেন। একই সঙ্গে বৃদ্ধাশ্রমগুলোর নিরাপত্তা ও সরকারি নজরদারি জোরদারের দাবি উঠেছে।

সূত্র: আল জাজিরা

 

ChannelNRB Footer