মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সামরিক উত্তেজনার মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে মুখোমুখি অবস্থানে তেহরান ও ওয়াশিংটন। হরমুজের দিকে মার্কিন যুদ্ধজাহাজ এগিয়ে এলে ইরানি বাহিনী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
রোববার ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি প্রত্যাখ্যান করে বলেন, প্রণালিতে প্রবেশের চেষ্টা করা মার্কিন নৌযানগুলো ইরানি বাহিনীর প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস পরিবহনের বড় একটি অংশ এই জলপথের ওপর নির্ভরশীল। ফলে এখানে সামরিক সংঘাতের আশঙ্কা তৈরি হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মাত্রা বেড়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানি বাহিনী মার্কিন নৌযানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে।
এর মধ্যেই রোববার হরমুজ প্রণালিতে একটি ইরানি বাণিজ্যিক জাহাজ হামলার শিকার হয়েছে। ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কেশম দ্বীপের কাছে জাহাজটিতে আঘাতের ঘটনায় অন্তত একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসও ওই এলাকায় একটি জাহাজে প্রজেক্টাইল আঘাত হানার কথা জানিয়েছে। তবে হামলাটির জন্য কে দায়ী, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজের উপস্থিতি এবং ইরানের প্রকাশ্য হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এর আগে হরমুজ এলাকায় মার্কিন নৌবাহিনীর জাহাজকে লক্ষ্য করে ইরানি হামলার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র এরপর ইরানের তেল পরিবহন নেটওয়ার্কের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়।
এ অবস্থায় হরমুজে একটি সামরিক ভুল হিসাব বা সরাসরি সংঘর্ষ দ্রুত বড় আকারের আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক অস্থিরতার মধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে বলে রয়টার্স জানিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল দীর্ঘ সময় ব্যাহত হলে তেলের সরবরাহ, পরিবহন ব্যয় এবং বিশ্ববাজারে জ্বালানির দামে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।
আরও পড়ুন:







