যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি খালের পাড় থেকে অন্তত ১০ হাজার বছরের পুরোনো ম্যাসটোডনের একটি জীবাশ্ম দাঁত উদ্ধার হয়েছে। অত্যন্ত ভালোভাবে সংরক্ষিত এই দাঁতটিকে ওই অঞ্চলে পাওয়া সবচেয়ে সম্পূর্ণ ম্যাসটোডন মোলারগুলোর একটি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সান মাতেও কাউন্টির একটি রেডউড বনাঞ্চলের খালে জীবাশ্মটি খুঁজে পান ভূ-আকৃতিবিদ ব্রিজিড লিঞ্চ। তিনি তখন বিপন্ন ক্যালিফোর্নিয়া রেড-লেগড ফ্রগ-এর আবাসস্থল উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে এলাকায় মাঠ জরিপ করছিলেন। প্রথম দেখায় বস্তুটিকে অদ্ভুত আকৃতির একটি পাথর মনে হয়েছিল। পরে ছবি বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের পরামর্শে নিশ্চিত হওয়া যায়, এটি একটি প্রাপ্তবয়স্ক প্যাসিফিক ম্যাসটোডন (Mammut pacificus)-এর মোলার দাঁত।
জীবাশ্মটির সংরক্ষণ অবস্থা বিজ্ঞানীদের বিশেষভাবে বিস্মিত করেছে। প্যালিওন্টোলজিস্ট ওয়েন থম্পসনের মতে, এটি স্থানীয়ভাবে পাওয়া সবচেয়ে সম্পূর্ণ ম্যাসটোডন মোলার এবং তাঁর দেখা সবচেয়ে চমৎকার সংরক্ষিত নমুনাগুলোর একটি। দাঁতটির মুকুট ও শিকড়—দুই অংশই অক্ষত রয়েছে।
মিডপেনিনসুলা রিজিওনাল ওপেন স্পেস ডিস্ট্রিক্ট জানিয়েছে, জীবাশ্মটির সঠিক বয়স এখনো নির্ধারণ করা হয়নি। বর্তমানে এটিকে অন্তত ১০ হাজার বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। এর প্রকৃত বয়স নির্ধারণে গবেষকেরা কার্বন ডেটিং করবেন।
প্যাসিফিক ম্যাসটোডন ছিল হাতির দূরবর্তী আত্মীয় এবং প্লাইস্টোসিন যুগের বিশালাকৃতির তৃণভোজী প্রাণী। তারা বর্তমান ক্যালিফোর্নিয়া, ওরেগন, পশ্চিম যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল এবং মেক্সিকোর কিছু এলাকায় বিচরণ করত।
ম্যামথের সঙ্গে দেখতে কিছুটা মিল থাকলেও ম্যাসটোডনের খাদ্যাভ্যাস ছিল ভিন্ন। তারা মূলত ঘাস খাওয়ার বদলে গাছের পাতা, নরম কাণ্ড, অঙ্কুর ও ফল খেত। এ কারণে তাদের দাঁত ছিল শক্ত উদ্ভিদজাত খাবার চিবানোর উপযোগী।
প্যাসিফিক ম্যাসটোডনকে আমেরিকান ম্যাসটোডন থেকে আলাদা প্রজাতি হিসেবে তুলনামূলকভাবে সাম্প্রতিক সময়ে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাদের দাঁত সরু এবং পায়ের হাড় অপেক্ষাকৃত মোটা হওয়াসহ শারীরিক বৈশিষ্ট্যে পার্থক্য রয়েছে।
উদ্ধার করা জীবাশ্মটি গবেষণার জন্য stanford university-এর Doerr School of Sustainability-তে দেওয়া হয়েছে। সেখানে বিজ্ঞানীরা এর সঠিক বয়স নির্ধারণের পাশাপাশি 3D স্ক্যান করবেন।
জীবাশ্মটির একটি ত্রিমাত্রিক প্রতিলিপিও তৈরি করা হবে। ভবিষ্যতে সেটি জনসচেতনতা ও শিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার করা হবে।
স্ট্যানফোর্ডের ভূ-বিজ্ঞান সংগ্রহের কিউরেটর ক্রিস্টিন গার্সিয়ার মতে, জীবাশ্ম অতীতের জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে জানার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অতীতের বাস্তুতন্ত্র সম্পর্কে এই তথ্য বর্তমান ও ভবিষ্যতে জীববৈচিত্র্য রক্ষার সিদ্ধান্ত নিতেও সহায়তা করতে পারে।
বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কারের গুরুত্ব শুধু একটি প্রাচীন দাঁত পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। প্রায় ১১ হাজার ৭০০ বছর আগে প্যাসিফিক ম্যাসটোডন বিলুপ্ত হয়ে যায়। ফলে এর মতো ভালোভাবে সংরক্ষিত জীবাশ্ম সেই সময়কার ক্যালিফোর্নিয়ার পরিবেশ, উদ্ভিদজগৎ এবং প্রাণীজগত সম্পর্কে নতুন তথ্য দিতে পারে।
প্রাচীন ক্যালিফোর্নিয়ায় ম্যাসটোডনের পাশাপাশি কলাম্বিয়ান ম্যামথ, জেফারসনের গ্রাউন্ড স্লথসহ আরও বেশ কিছু এখন বিলুপ্ত প্রাণীর বিচরণ ছিল। নতুন এই জীবাশ্ম সেই হারিয়ে যাওয়া বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে গবেষকদের আরও তথ্য দিতে পারে।
মজার বিষয় হলো, একটি আধুনিক সংরক্ষণ প্রকল্পের কাজ করতে গিয়েই আবিষ্কার হয়েছে বরফযুগের এই নিদর্শন। বিজ্ঞানীদের মতে, এটি দেখিয়ে দেয়—প্রকৃতি সংরক্ষণ ও গবেষণার কাজের মধ্য দিয়েও অতীতের পৃথিবীর গুরুত্বপূর্ণ নিদর্শন সামনে চলে আসতে পারে।
ছবি: সংগৃহীত
আরও পড়ুন:







