সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তর (স্টেট ডিপার্টমেন্ট) সৌদি আরবের জন্য ভ্রমণ সতর্কতার মাত্রা বাড়িয়ে লেভেল-৩—‘রিভাইজিট ট্রাভেল’ বা ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা হালনাগাদ সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র বলেছে, সৌদি আরবে অবস্থানরত বা দেশটিতে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত প্রধান ঝুঁকির মধ্যে রয়েছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন স্বার্থ লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত স্থানীয় আইন।
সৌদি আরবের সামগ্রিক ভ্রমণ সতর্কতা লেভেল-৩ হলেও ইয়েমেন সীমান্তবর্তী এলাকার জন্য যুক্তরাষ্ট্র আরও কঠোর সতর্কতা দিয়েছে। ওই এলাকায় লেভেল-৪—‘ডু নট ট্রাভেল’ বা ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসবাদের ঝুঁকি বিশেষভাবে বেশি হওয়ায় মার্কিন নাগরিকদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
সৌদি আরবকে ঘিরে নতুন এই সতর্কতার সময় মধ্যপ্রাচ্যে সামরিক ও নিরাপত্তা উত্তেজনাও বাড়ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি নেতৃত্বাধীন জোট মঙ্গলবার রাতে মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন শনাক্ত করে ধ্বংস করার কথা জানিয়েছে। জোটের মুখপাত্র তুরকি আল-মালিকি মক্কার নিরাপত্তাকে ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হুথিরা মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে সৌদি আরবের বিভিন্ন এলাকায় নিরাপত্তা সতর্কতাও জারি করা হয়েছিল। মক্কা ও জেদ্দাসহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক হামলা ও আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এসব সতর্কতা জারি করা হয়।
স্টেট ডিপার্টমেন্টের বর্তমান নির্দেশনা অনুযায়ী, সৌদি আরব ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। একই সঙ্গে ইয়েমেন সীমান্তে ভ্রমণ না করার নির্দেশনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের এই সতর্কতা এমন সময়ে এলো, যখন আঞ্চলিক সংঘাতের কারণে সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের জন্যও সর্বশেষ সরকারি নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
আরও পড়ুন:







