News Ticker
221.png

নিউ মেক্সিকোয় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৬

আপডেট: ১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৫২

শেয়ার

শেয়ার

নিউ মেক্সিকোয় ভয়াবহ বন্যা, ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাতের পর ভয়াবহ আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক ও একটি শিশু রয়েছে। বুধবার ভোরে নাভাহো নেশনের অন্তর্গত নিউকম্ব এলাকার কাছে প্রবল পানির স্রোতে তারা ভেসে যান বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বুধবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে নাভাহো পুলিশের কাছে কয়েকজন মানুষ বন্যার পানিতে ভেসে যাওয়ার খবর আসে। পরে অনুসন্ধান ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে দুই প্রাপ্তবয়স্ক ও এক শিশুর মরদেহ উদ্ধার করে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে ওই তিনজন পানির স্রোতে পড়ে যান, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। 

নিউকম্ব ও আশপাশের এলাকায় আগের দিন থেকেই ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে যায়। রাতের দিকে আরও বৃষ্টি হওয়ায় পরিস্থিতির অবনতি ঘটে এবং আকস্মিক বন্যার ঝুঁকি বাড়ে।

নাভাহো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রাতভর উদ্ধারকাজ চালানো জরুরি সেবাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

নিউ মেক্সিকোর আলবুকার্কি কার্যালয়ের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) চলতি সপ্তাহের শুরুতেই ব্যাপক বজ্রঝড় ও অতিবৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছিল। বুধবারও সংস্থাটি জানায়, সেপ্টেম্বরের এই সময়ে আর্দ্রতার মাত্রা প্রায় রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে।

পশ্চিম নিউ মেক্সিকো ও দক্ষিণ-মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকায় ফ্ল্যাশ ফ্লাড ওয়াচ জারি করা হয়। একই সঙ্গে রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকাতেও আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানানো হয়েছে। 

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, নিউ মেক্সিকোসহ অ্যারিজোনা, কলোরাডো ও ইউটাহর কিছু এলাকায় বৃহস্পতিবার পর্যন্ত অতিবৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর ফলে আকস্মিক বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।

বন্যার পানি দ্রুত গভীর ও প্রবল স্রোতযুক্ত হয়ে উঠতে পারে উল্লেখ করে স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। নাভাহো নেশনের প্রেসিডেন্ট বু নাইগ্রেনও জানিয়েছেন, পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে এবং পরিচিত এলাকাতেও প্রবাহিত পানি প্রাণঘাতী হয়ে উঠতে পারে।

সূত্র: এপি নিউজ 

ChannelNRB Footer