গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপের উপকূলে একদিনে চারটি পৃথক ঘটনায় মোট ২৩৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড ও ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ক্রিটের দক্ষিণে গাভদোস থেকে হেরাক্লিয়ন ও লাসিথির উপকূল পর্যন্ত এসব উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
গ্রিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। ঘটনাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
দিনের প্রথম দিকের একটি ঘটনায় ফ্রন্টেক্সের একটি জাহাজ গাভদোস দ্বীপের দক্ষিণে সমুদ্রে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌযান শনাক্ত করে। পরে সেখান থেকে ৬৭ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৩ জন পুরুষ, দুজন নারী ও দুজন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। গ্রিক কোস্ট গার্ডের সহায়তায় তাদের পালাইওখোরার তিগানি বন্দরে নেওয়া হয়। সেখান থেকে বাসে করে চানিয়ার আগিয়া এলাকার একটি আবাসনকেন্দ্রে পাঠানো হয়।
অন্য একটি ঘটনায় কালোই লিমেনেসের প্রায় ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি নৌযান বিপদে পড়ার খবর পায় গ্রিসের জয়েন্ট রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার।
খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ডের একটি টহল জাহাজ ঘটনাস্থলে গিয়ে ৬৭ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ৬৫ জন পুরুষ ও দুজন অপ্রাপ্তবয়স্ক ছিলেন।
প্রথমে তাদের কালোই লিমেনেসে নেওয়া হয়। পরে পুলিশ ও বন্দর কর্তৃপক্ষের সদস্যদের তত্ত্বাবধানে তাদের হেরাক্লিয়ন বন্দরে স্থানান্তর করা হয়।
এদিন কালোই লিমেনেস এলাকার সারি ফোরাদা সৈকতেও অভিবাসনপ্রত্যাশীদের একটি দলকে পাওয়া যায়। সেখানে ৫১ জনকে উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দলটিতে ৪৭ জন পুরুষ ও চারজন অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তাদের বাসে করে হেরাক্লিয়ন বন্দরে নেওয়া হয়।
এই ঘটনায় ব্যবহৃত একটি নৌকার আউটবোর্ড মোটর জব্দ করেছে কর্তৃপক্ষ। পরে নৌযানটি ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
আরেকটি ঘটনায় ইয়েরাপেত্রার কোলোভরেখতিস সৈকতে একটি রাবারের নৌযান থেকে নামার পর ৫০ জন অভিবাসনপ্রত্যাশীকে পাওয়া যায়।
স্থানীয় বন্দর কর্তৃপক্ষ খবর পাওয়ার পর কোস্ট গার্ড সদস্যদের ঘটনাস্থলে পাঠায়। পরে ওই ৫০ জনকে ইয়েরাপেত্রার একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়।
সাম্প্রতিক ঘটনাগুলোতে গ্রিক কোস্ট গার্ডের পাশাপাশি ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সও যুক্ত ছিল। সমুদ্রে নৌযান শনাক্ত, উদ্ধার এবং পরে নিরাপদ স্থানে স্থানান্তরের কাজে এসব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
আরও পড়ুন:







