News Ticker
221.png

ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ডুবল স্পেনের বার্সেলোনা, নিহত ১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:২৯

শেয়ার

শেয়ার

ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় ডুবল স্পেনের বার্সেলোনা, নিহত ১
ছবি: সংগৃহীত

প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্পেনের বার্সেলোনা ও আশপাশের কাতালোনিয়া অঞ্চল। অতিবৃষ্টিতে সড়ক, গণপরিবহন ও বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। পানির স্রোতে একটি গাড়ি ভেসে যাওয়ার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। 

স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা AEMET বুধবার বার্সেলোনার উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির ঝুঁকিতে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করে। কাতালোনিয়ার বিভিন্ন এলাকায় কর্তৃপক্ষ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেয়।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে বার্সেলোনা প্রদেশের ওলিভেয়া এলাকায়। স্থানীয় সময় বুধবার রাতে একটি গাড়ি দ্রুতগতির পানির স্রোতে আটকে যায়। পরে গাড়িটি স্রোতে ভেসে যায়।

জরুরি পরিষেবায় রাত প্রায় ১১টা ৩ মিনিটে খবর পৌঁছানোর পর উদ্ধারকারী দল অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ পরে নিশ্চিত করে, তিনি ওই গাড়ির চালক। তার বয়স আনুমানিক ৪৮ বছর। 

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, গাড়িতে থাকা একজন ব্যক্তি পানিতে ভেসে গেছেন। পরে উদ্ধার করা মরদেহটি গাড়িটির চালকের বলে নিশ্চিত হওয়া যায়।

ভারি বৃষ্টিতে কাতালোনিয়ার বিভিন্ন এলাকায় হঠাৎ করে পানি বেড়ে যায়। সান্ত পেরে দে রিবেস এলাকায় মাত্র ৩০ মিনিটে ৫৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ক্যানিয়েলেসে তিন ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৮৫ দশমিক ৬ মিলিমিটার।

পানির স্রোতে বিভিন্ন সড়ক ও নিচু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি গাছপালা পড়ে যায় এবং বেশ কয়েকটি স্থানে উদ্ধার অভিযান চালাতে হয়।

ঝড় ও বৃষ্টির মধ্যে কাতালোনিয়ার জরুরি সেবা সংস্থা ব্যাপকসংখ্যক ফোনকল পায়। বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিস প্রায় ২৭০টি কলের সাড়া দেয়। জরুরি নম্বর ১১২-এ পাওয়া যায় ১ হাজার ১১৬টি কল, যার মধ্যে মোট ৬৮৭টি ঘটনা নথিভুক্ত হয়।

সিতজেস এলাকায় একটি ক্যাম্পসাইটের অংশ পানিতে তলিয়ে গেলে প্রায় ২৭০ জনকে সরিয়ে নেওয়া হয়। তাদের অনেকে বাড়িতে ফিরে যান অথবা কাছাকাছি অন্য ক্যাম্পসাইটে আশ্রয় নেন। 

বৃষ্টির কারণে বার্সেলোনার গণপরিবহন ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়। শহরের মেট্রোর কয়েকটি লাইনে আংশিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বিভিন্ন রেলপথে নিরাপত্তাজনিত কারণে ট্রেনের গতি কমিয়ে দেওয়ায় বিলম্ব দেখা দেয়।

বার্সেলোনার বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচলেও সমস্যা তৈরি হয়। একটি রেলপথের অংশে ভূমি ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়।

প্রবল বৃষ্টির প্রভাবে কাতালোনিয়া ছাড়াও স্পেনের পূর্বাঞ্চলের অন্যান্য এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। কর্তৃপক্ষ বাসিন্দাদের নদী, খাল, জলধারা, নিচু রাস্তা ও পানিতে ডুবে থাকা পথ এড়িয়ে চলতে সতর্ক করেছে। 

ChannelNRB Footer