News Ticker
221.png

আসামে নারী ও শিশুসহ ২৭ জন নথিবিহীন বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০

শেয়ার

শেয়ার

আসামে নারী ও শিশুসহ ২৭ জন নথিবিহীন বাংলাদেশি আটক
ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে নারী ও শিশুসহ ২৭ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অবস্থানের অভিযোগে বুধবার রাতে পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানোর আগে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে আসাম পুলিশ। 

পুলিশের কর্মকর্তারা জানান, প্রথম দফায় ১২ জনকে গুয়াহাটির পাল্টনবাজার এলাকায় আসাম স্টেট ট্রান্সপোর্ট করপোরেশনের (ASTC) চত্বর থেকে আটক করা হয়। স্থানীয় সূত্রে একটি দলের অবস্থান সম্পর্কে তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই দলের সদস্যরা জানান, আরও একটি দল জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে অন্যত্র যাচ্ছিল। পরে পুলিশ রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে দ্বিতীয় দলটির ওপর নজরদারি শুরু হয়। 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দ্বিতীয় দলে ছিলেন ১৫ জন। ট্রেনটি রাঙ্গিয়া রেলওয়ে জংশন অতিক্রম করার পর তাদের আটক করা হয়। পরে তাদের বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে নামিয়ে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

দুই দফায় আটক হওয়া ২৭ জনের কারও কাছেই ভারতে বৈধভাবে প্রবেশ বা অবস্থানের প্রমাণপত্র পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তাদের মধ্যে বাংলাদেশের ঢাকা, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, বাগেরহাট, খুলনা ও ময়মনসিংহ জেলার বাসিন্দা রয়েছেন। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অধিকাংশ ব্যক্তি কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছেন বলে জানিয়েছেন। তাদের ভারতে প্রবেশের পেছনে কোনো দালাল বা মধ্যস্থতাকারী জড়িত ছিল কি না, তা তদন্ত করছে পুলিশ।

আসাম পুলিশের কর্মকর্তাদের ভাষ্য, তারা মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে থাকতে পারেন। এরপর গুয়াহাটিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে ভারতের অন্যান্য অঞ্চলে যাওয়ার চেষ্টা করছিলেন বলে তদন্তে উঠে এসেছে। 

পুলিশের দাবি, সীমান্ত পারাপারে একটি দালালচক্র সহায়তা করে থাকতে পারে। ওই চক্রের সঙ্গে আটক ব্যক্তিদের যোগাযোগ এবং তাদের ভারতে প্রবেশের পুরো পথ খতিয়ে দেখা হচ্ছে।

আসাম পুলিশের সীমান্ত শাখা আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। সংশ্লিষ্ট ডেপুটি কমিশনারের কাছে তাদের বহিষ্কারের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

অনুমতি ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

সূত্র: এনডিটিভি

ChannelNRB Footer