News Ticker
221.png

সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৬

শেয়ার

শেয়ার

সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের কয়েকটি গুরুত্বপূর্ণ শহর ও এলাকায় হঠাৎ জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। শুক্রবার রাতে জারি করা এসব সতর্কতায় বাসিন্দাদের জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মে পাঠানো নির্দেশনা অনুসরণ এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সৌদি সিভিল ডিফেন্সের পৃথক সতর্কবার্তা অনুযায়ী, জেদ্দা, তাইফ, ইয়ানবু, আল-উলা, খামিস মুশাইত, জাজান ও আবহা—এই সাতটি এলাকা সতর্কতার আওতায় ছিল। জেদ্দা, তাইফ, ইয়ানবু ও খামিস মুশাইতে দুটি করে এবং আল-উলা, জাজান ও আবহায় একটি করে সতর্কবার্তা দেওয়া হয়।

তবে কী ধরনের হুমকি বা সম্ভাব্য বিপদের কারণে এই জরুরি সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সৌদি কর্তৃপক্ষ। সতর্কতার সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। পরে সিভিল ডিফেন্স জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিপদ কেটে গেছে। 

সৌদি আরবে এই জরুরি সতর্কতা এমন এক সময়ে দেওয়া হলো, যখন দেশটি ইয়েমেনভিত্তিক হুথি হামলার ঝুঁকির মধ্যে রয়েছে। এর এক দিন আগে, তাইফ প্রদেশের আকাশে একটি হুথি ড্রোন প্রতিহত করার পর সেটির পড়ে যাওয়া ধ্বংসাবশেষে একজন নিহত ও দুজন আহত হওয়ার কথা জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

সাম্প্রতিক দিনগুলোতেও সৌদি আরবের বিভিন্ন এলাকায় একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল। বিশেষ করে আবহা ও খামিস মুশাইত এলাকায় সতর্কতা জারির পর পরবর্তীতে বিপদ কেটে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

সৌদি কর্তৃপক্ষের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সাত এলাকায় জারি করা সতর্কতার প্রকৃতি বা সম্ভাব্য হুমকির ধরন প্রকাশ করা হয়নি। ফলে এটি কোনো নির্দিষ্ট হামলার সতর্কতা ছিল কি না, নাকি অন্য কোনো নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সতর্কতা জারি করা হয়েছিল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, কর্তৃপক্ষ বাসিন্দাদের জাতীয় আগাম সতর্কতা ব্যবস্থার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

ChannelNRB Footer