News Ticker
221.png

পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০৮

শেয়ার

শেয়ার

পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি পুলিশ সদর দফতরে আত্মঘাতী বোমা হামলা ও বন্দুকধারীদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৬ জন পুলিশ সদস্য রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জনের বেশি। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট শহরের ওল্ড পুলিশ লাইনস কমপ্লেক্সে হামলাটি হয়। এই কমপ্লেক্সে জেলা পুলিশ সদর দফতরের পাশাপাশি কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (CTD), স্পেশাল ব্রাঞ্চসহ পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি ইউনিটের কার্যালয় রয়েছে। 

কর্মকর্তাদের বরাতে জানা গেছে, হামলাকারীদের একজন বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে পুলিশ কমপ্লেক্সে ঢোকার চেষ্টা করে। একই সময়ে সশস্ত্র হামলাকারীরা কমপ্লেক্সে প্রবেশ করে গুলি চালায়।

হামলার সময় পুলিশ সদস্য ও তাদের পরিবারের কয়েকজন সদস্য কমপ্লেক্সের মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছিলেন। বিস্ফোরণে মসজিদ ও আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলের ছবিতে ধ্বংসস্তূপ, ভেঙে পড়া দেয়াল এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা দেখা গেছে।

বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনী ও হামলাকারীদের মধ্যে ব্যাপক বন্দুকযুদ্ধ শুরু হয়। এএফপির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, কমপ্লেক্সের স্পেশাল ব্রাঞ্চ অংশে কয়েকজন হামলাকারী অবস্থান করছিল এবং তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলছিল। হামলাকারীর সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। 

তবে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০ ঘণ্টার অচলাবস্থার পর পাকিস্তানি নিরাপত্তা বাহিনী কমপ্লেক্সের অভিযান শেষ করে। 

কোহাটের জেলা স্বাস্থ্য কর্মকর্তার তথ্য অনুযায়ী, হামলায় ১০০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের বড় অংশই পুলিশ সদস্য এবং কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

এর আগে শুক্রবার স্থানীয় কর্মকর্তারা নিহতের সংখ্যা ২১ এবং আহতের সংখ্যা ১০৩ বলে জানিয়েছিলেন। পরবর্তী সময়ে হতাহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ পৌঁছায়।

স্থানীয় জঙ্গি সংগঠন ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান হামলার দায় স্বীকার করেছে বলে এএফপি জানিয়েছে। সংগঠনটিকে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠী হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে হামলার দায় সংক্রান্ত দাবিটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। 

হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন এবং হামলার বিষয়ে প্রতিবেদন চেয়েছেন। 

সূত্র: এএফপি 

ChannelNRB Footer