News Ticker
221.png

স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২১

আপডেট: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ২২:৩৩

শেয়ার

শেয়ার

স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি
ছবি: সংগৃহীত

ইতালির স্কুলগুলোতে বোরকা ও হিজাব নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়েছেন, এ বিষয়ে শিগগিরই মন্ত্রিসভায় একটি প্রস্তাব তোলা হবে।

রোববার (২০ সেপ্টেম্বর) রোমে নিজের দল ব্রাদার্স অব ইতালির যুব সংগঠনের এক অনুষ্ঠানে মেলোনি এসব কথা বলেন। প্রস্তাবিত ব্যবস্থায় স্কুলে মুখ পুরোপুরি ঢেকে রাখা পোশাক নিষিদ্ধ করার পাশাপাশি প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

তিনি বলেন, শ্রেণিকক্ষে ইতালীয় শিক্ষার্থীদের নিজেদের দেশেরই সংখ্যালঘু হিসেবে মনে হওয়ার পরিস্থিতি তৈরি হতে দেওয়া যায় না। তার ভাষায়, কোনো ইতালীয় শ্রেণিকক্ষে স্থানীয় শিক্ষার্থীরা যদি নিজেদের কোণঠাসা মনে করে এবং সংখ্যাগরিষ্ঠের বদলে সংখ্যালঘু হয়ে যায়, তা গ্রহণযোগ্য নয়।

স্কুলে ধর্মীয় পোশাকের বিষয়েও কঠোর অবস্থানের কথা জানান মেলোনি। তিনি বলেন, তার সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব নিষিদ্ধ করবে।

বিদেশি শিক্ষার্থীদের ইতালির শিক্ষা ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষেত্রেও নতুন শর্ত আরোপের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। যেসব বিদেশি শিক্ষার্থী স্কুলব্যবস্থার সঙ্গে একীভূত হতে সমস্যায় পড়ছে, তাদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করা হতে পারে।

মেলোনি জানান, এ বিষয়ে প্রস্তুত করা পদক্ষেপটি শিগগিরই মন্ত্রী পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

 

ChannelNRB Footer