চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের শুন্দে জেলার জুনআন টাউনের একটি শিল্প এলাকায় টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১২ মিনিটে চাংসিং ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানা ভবনে আগুনের সূত্রপাত হয়। দুই তলা ভবনটি ছিল ইট-কংক্রিটের তৈরি এবং সেখানে ডেনিম কাপড় ধোয়া ও অন্যান্য উৎপাদন কার্যক্রম পরিচালিত হতো।
আগুন লাগার খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণকারী দল। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, বিকেল ৩টা ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিকেল ৪টা ১০ মিনিটে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।
আগুনে কারখানার প্রায় ২০০ বর্গমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন শিল্প এলাকার অন্য কোনো অংশে ছড়িয়ে পড়েনি। ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে মোট ৬৩ জনকে উদ্ধার ও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
ফোশান কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে মোট আটজনের মৃত্যু হয়েছে। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানো হয়। সোমবার বিকেলে কর্তৃপক্ষ জানায়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন:







