হলিউডে নেমে এসেছে শোকের ছায়া। ‘দ্য স্টিং’, ‘জ্যানাডু’ এবং ‘স্টার ট্রেক’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২২ জুলাই নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তবে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে কয়েক সপ্তাহ পর। পরিবারের পক্ষ থেকে সপ্তাহের শেষ দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
১৯৭৩ সালে জর্জ রয় হিল পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য স্টিং’-এ ‘মটোলা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন জেমস স্লোয়ান। ছবিতে তিনি অপরাধী ডয়েল লনেগানের হয়ে জুয়া পরিচালনাকারী এক কর্মীর ভূমিকায় অভিনয় করেন।
এরপর ১৯৮০ সালের মিউজিক্যাল ফ্যান্টাসি চলচ্চিত্র **‘জ্যানাডু’**তেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় তাঁকে। দীর্ঘ ক্যারিয়ারে চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশনেও নিয়মিত কাজ করেছেন তিনি।
জেমস স্লোয়ান ‘স্টার ট্রেক’ ভক্তদের কাছেও পরিচিত মুখ ছিলেন। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘ডিপ স্পেস নাইন’ এবং ‘ভয়েজার’ সিরিজে তিনি একাধিক ভিন্ন চরিত্রে অভিনয় করেন।
‘দ্য নেক্সট জেনারেশন’-এ তাঁকে রোমুলান অ্যাডমিরালের চরিত্রে দেখা যায়। পরে ক্লিঙ্গন চরিত্র ওয়ার্কের ছেলের ভূমিকাতেও অভিনয় করেন তিনি। ‘ডিপ স্পেস নাইন’-এ বিজ্ঞানী ড. মোরা এবং ‘ভয়েজার’-এ হাকোনিয়ান বিজ্ঞানী মা’বোর জেটরেল চরিত্রে অভিনয় করেন।
জেমস স্লোয়ানের কর্মজীবন শুধু অভিনয়েই সীমাবদ্ধ ছিল না। বিজ্ঞাপনচিত্রেও দীর্ঘদিন কাজ করেছেন তিনি।
১৯৮৯ সাল থেকে প্রায় ১৮ বছর টয়োটার বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড লেক্সাসের বিজ্ঞাপনে ভয়েসওভার শিল্পী হিসেবে কাজ করেন স্লোয়ান। তাঁর কণ্ঠ বিজ্ঞাপনের জগতেও আলাদা পরিচিতি তৈরি করেছিল।
জেমস স্লোয়ান ১৯৪১ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসে জন্মগ্রহণ করেন। চার ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তাঁর বাবা জেমস স্লোয়ান সিনিয়র ছিলেন একজন নির্মাণ প্রকৌশলী।
অভিনয়ে আসার আগে তিনি প্রায় তিন বছর মার্কিন সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। পরে নিউইয়র্কের আমেরিকান একাডেমি অব ড্রামেটিক আর্টস থেকে পড়াশোনা শেষ করেন।
এরপর নিউইয়র্ক শেক্সপিয়ার ফেস্টিভ্যালে কাজ শুরু করেন। অভিনয়ের পাশাপাশি সেখানে ফাইটিং দৃশ্যের কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেন তিনি। ১৯৬৯ সালে আর্থার কোপিটের ‘ইন্ডিয়ানস’ নাটকের মাধ্যমে ব্রডওয়েতে অভিষেক হয় তাঁর। পরের বছর ‘দ্য ট্রাভেলিং এক্সিকিউটর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন।
বড় পর্দার পাশাপাশি টেলিভিশনে দীর্ঘ ক্যারিয়ার ছিল জেমস স্লোয়ানের। ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’, ‘কোজাক’, ‘ওয়ান্ডার ওম্যান’, ‘মার্ডার, শি রোট’ এবং ‘দ্য এক্স-ফাইলস’-এর মতো জনপ্রিয় টিভি অনুষ্ঠানে অভিনয় করেছেন তিনি।
১৯৭৭ সালে এবিসির নাটক ‘ওয়েস্টসাইড মেডিকেল’-এ নিয়মিত চরিত্রে অভিনয়ের সুযোগ পান স্লোয়ান। পরবর্তী কয়েক দশক ধরে সিনেমা ও টেলিভিশনে তাঁর উপস্থিতি অব্যাহত ছিল।
আরও পড়ুন:







