ভারতের ঝাড়খণ্ডের জামশেদপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে গাড়ির ধাক্কায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতমন্ত্রী দীপিকা পাণ্ডে সিংয়ের মেয়ে তৃষা সিং। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে শহরের সোনারি এলাকার মেরিন ড্রাইভে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশের তথ্য অনুযায়ী, ভোর প্রায় ৩টার দিকে চারজন একটি সাদা সুইফট গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেন। সংঘর্ষের পর গাড়িটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়। গাড়ির ভেতরে থাকা চারজনই আটকা পড়েন।
নিহতরা হলেন—তৃষা সিং, সার্থক আগরওয়াল, নমন গুপ্ত ও বংশিকা খান্ডেলওয়াল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা গ্যাস কাটার ব্যবহার করে ক্ষতিগ্রস্ত গাড়িটি কেটে চারজনের মরদেহ বের করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মহাত্মা গান্ধী মেমোরিয়াল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। পুলিশ জানিয়েছে, ট্রাকটি কখন থেকে সেখানে ছিল এবং দুর্ঘটনার সময় সেটিতে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে ট্রাকটির পেছনে একটি গাছের ডাল রাখা দেখা গেছে। তবে সড়কে প্রতিফলক বা অন্য কোনো সতর্কতামূলক চিহ্ন ছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ বিস্তারিত তদন্তের পর নিশ্চিত করা যাবে। দুইটি গাড়িই জব্দ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
ঘটনার পর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সোরেন তৃষা সিংসহ চারজনের মৃত্যুতে শোক প্রকাশ করেন।
আরও পড়ুন:







