ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে নিজেদের পরিচালিত একটি ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে আগের দিন বৃহস্পতিবার।
নিহত দুই সেনা হলেন মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) নাদাভ কালি, ২৪, এবং মাস্টার সার্জেন্ট (রিজার্ভ) অফেক মোয়ালেম, ২৩। তারা ইসরায়েলি সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের ৭০০৭ ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুই সেনা গাজার উত্তরাঞ্চলে একটি সামরিক পোস্ট থেকে ছোট আকারের FPV ড্রোন পরিচালনা করছিলেন। প্রথম ড্রোনটি সফলভাবে তার অভিযান সম্পন্ন করে।
এরপর দ্বিতীয় ড্রোনটি উড্ডয়নের সময় কোনো এক অজ্ঞাত কারণে সামরিক পোস্টের ভেতরেই বিধ্বস্ত হয়। প্রথমে ড্রোনটি বিস্ফোরিত হয়নি। কয়েক মিনিট পর দুই সেনা বিধ্বস্ত ড্রোনটির কাছে গিয়ে সেটি পরীক্ষা করতে শুরু করেন। একপর্যায়ে ড্রোনটি বিস্ফোরিত হলে তারা গুরুতর আহত হন। পরে তাদের গাজার বাইরে আশকেলনের বারজিলাই মেডিকেল সেন্টারে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনায় অন্য কোনো সেনা আহত হয়নি বলে আইডিএফ জানিয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে ইসরায়েলি সামরিক বাহিনী তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরক বহনে সক্ষম ছোট আকারের ড্রোনগুলোর ব্যবহার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর মধ্যে বিস্ফোরক বহনকারী আত্মঘাতী ড্রোন এবং লক্ষ্যবস্তুতে বিস্ফোরক ফেলার সক্ষমতা থাকা ড্রোনও রয়েছে।
আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির ঘটনাটি তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।
ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নিহত দুই সেনার ইউনিট ১০ সেপ্টেম্বর থেকে উত্তর গাজা এলাকায় অবস্থান করছিল। ঘটনার সময় তারা সামরিক অভিযানের অংশ হিসেবে ড্রোন পরিচালনা করছিলেন।
তবে ড্রোনটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছিল এবং বিস্ফোরণের সময় এর বিস্ফোরক ব্যবস্থা কীভাবে সক্রিয় হয়েছিল—এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ব্যাখ্যা দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী।
আরও পড়ুন:







