News Ticker
221.png

আরব সাগরে ৭৫ কোটি ডলারের মাদক জব্দ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:২৩

শেয়ার

শেয়ার

আরব সাগরে ৭৫ কোটি ডলারের মাদক জব্দ
ছবি: সংগৃহীত

আরব সাগরে বড় ধরনের মাদকবিরোধী অভিযানে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক জব্দ করেছে পাকিস্তান নৌবাহিনী। জব্দ করা মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ৭৫০ মিলিয়ন ডলার বা ৭৫ কোটি ডলার বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাকিস্তান নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, পাকিস্তান নৌবাহিনীর পিএনএস হুনাইন ও পিএনএস ইয়ারমুক নিয়মিত টহল দেওয়ার সময় একটি সন্দেহজনক নৌযান শনাক্ত করে। পরে নৌযানটিতে ওঠে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় নৌযানটির বিভিন্ন গোপন কুঠুরি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনীর ভাষ্য অনুযায়ী, অভিযানে ২ হাজার ৮০০ কেজির বেশি মাদক জব্দ হয়েছে। 

তবে জব্দ করা মাদকের মধ্যে ঠিক কোন কোন ধরনের মাদক ছিল, সে বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। একইভাবে নৌযানে থাকা ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে তথ্যও প্রকাশ করা হয়নি। 

পাকিস্তান নৌবাহিনী জানিয়েছে, জব্দ করা মাদকের আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনও আইএসপিআরের বরাত দিয়ে একই পরিমাণ মূল্য ও জব্দের পরিমাণের কথা জানিয়েছে।

পাকিস্তানের সামুদ্রিক এলাকায় মাদক পাচার ঠেকাতে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এর আগে চলতি বছরের জুনেও গওয়াদর উপকূলের কাছে প্রায় দুই টন মাদক জব্দ করা হয়েছিল, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় ২১৫ মিলিয়ন ডলার বলে জানিয়েছিল নৌবাহিনী। 

অভিযান সফলভাবে সম্পন্ন করার জন্য পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ পিএনএস হুনাইন ও পিএনএস ইয়ারমুকের কর্মকর্তা ও সদস্যদের প্রশংসা করেছেন।

তিনি সমুদ্রে মাদক পাচারসহ অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পাকিস্তান নৌবাহিনীর নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখার কথা জানান। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও অভিযানে অংশ নেওয়া নৌবাহিনীর সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি নৌবাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও সতর্কতার প্রশংসা করেছেন।

পাকিস্তান সরকার বলছে, সমুদ্রপথে অবৈধ মাদক পাচার বন্ধে নৌবাহিনীর অভিযান দেশের সামুদ্রিক নিরাপত্তা রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অবৈধ পাচার ঠেকাতে ভূমিকা রাখছে।

সূত্র: ডন

ChannelNRB Footer