দক্ষিণ আফ্রিকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন। দেশটির পুলিশ জানিয়েছে, জোহানেসবার্গ ও কেপটাউনের কাছে পৃথক দুটি বিনোদনকেন্দ্রে এসব হামলা চালানো হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, প্রথম হামলাটি শনিবার রাতে জোহানেসবার্গের পশ্চিমে ওয়েস্ট র্যান্ড জেলার ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় ঘটে। সেখানে গুলিতে ১৭ জন নিহত এবং ১৫ জন আহত হন। দ্বিতীয় হামলাটি কেপটাউনের কাছে লুয়ান্দলে এলাকায় একটি বিনোদনকেন্দ্রে রোববার ভোরে ঘটে। সেখানে নিহত হন আরও ১০ জন এবং আহত হন ১১ জন।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে ওয়েডেলার একটি পানশালায় বন্দুকধারীরা হামলা চালায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে পানশালার বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ভেতরে ঢুকে সেখানে থাকা গ্রাহকদের ওপরও গুলি চালায়।
এই ঘটনায় ১৩ জন পুরুষ ও চারজন নারী নিহত হয়েছেন। আরও ১৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় আটজন সশস্ত্র ব্যক্তি জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের হাতে অ্যাসল্ট রাইফেল ও পিস্তল ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য পাওয়া গেছে। হামলার পর সন্দেহভাজনরা কয়েকজন গ্রাহকের মোবাইল ফোন নিয়ে দুটি অজ্ঞাত গাড়িতে করে পালিয়ে যায়।
এর কয়েক ঘণ্টা পর কেপটাউনের কাছে লুয়ান্দলে এলাকায় আরেকটি বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় রোববার ভোর ১টা ৪৬ মিনিটের দিকে একটি বিনোদনকেন্দ্রে ঢুকে বন্দুকধারীরা উপস্থিত লোকজনকে লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশ জানিয়েছে, ওই হামলায় ১০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আরও পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
দুটি হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। জোহানেসবার্গের কাছে হামলায় জড়িত সন্দেহে আটজনকে খুঁজছে পুলিশ। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে বিশেষ তদন্তকারী দল কাজ করছে।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, দুটি হামলার উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা হামলার কারণ এবং এর সঙ্গে কোনো সংঘবদ্ধ অপরাধী গোষ্ঠী বা ব্যবসায়িক বিরোধের সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন:







