কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের চালকও রয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মন্ট্রিয়লের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
কানাডার প্রাদেশিক পুলিশ সুরেতে দ্য কুইবেক (SQ) জানিয়েছে, স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু পর সাঁ-ত-ব্রিজিদ-দ'ইবেরভিল (Sainte-Brigide-d’Iberville) এলাকার র্যাং দে ল'ইকোসাইস (Rang des Écossais) এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এলাকাটি মন্ট্রিয়ল থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে হেলিকপ্টারটিতে কোনো ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এরপর এটি একটি মাঠে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
দুর্ঘটনার পর হেলিকপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। তবে এখন পর্যন্ত নিহতদের নাম, বয়স বা জাতীয়তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
দুর্ঘটনার একটি গুরুত্বপূর্ণ বিষয় এখনো তদন্তাধীন। হেলিকপ্টারটি আকাশে থাকা অবস্থায় আগুন ধরেছিল, নাকি মাটিতে বিধ্বস্ত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়েছিল—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি সম্ভবত একটি ব্যক্তিমালিকানাধীন উড়োজাহাজ ছিল। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
দুর্ঘটনার তদন্তে কানাডার Transportation Safety Board of Canada (TSB)-কে অবহিত করা হয়েছে এবং সংস্থাটির তদন্তকারীরা ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার আগে হেলিকপ্টারটির কী ধরনের সমস্যা হয়েছিল এবং কী কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো, তদন্তে তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন:







