News Ticker
221.png

নেপালে হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধস, নিখোঁজ ১৪

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:১৭

শেয়ার

শেয়ার

নেপালে হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধস, নিখোঁজ ১৪
ছবি: সংগৃহীত

নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে হিমলুং হিমালের বেস ক্যাম্পে ভয়াবহ তুষারধসে অন্তত ১৪ জন নেপালি নিখোঁজ হয়েছেন। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার প্রস্তুত রাখা হলেও আবহাওয়ার কারণে এখন পর্যন্ত অভিযান পরিচালনায় বড় বাধা তৈরি হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ৭ হাজার ১২৬ মিটার উচ্চতার হিমলুং হিমালের বেস ক্যাম্পে তুষারধসের ঘটনা ঘটে। সেখানে বিদেশি পর্বতারোহীরা পৌঁছানোর আগেই স্থানীয় নেপালি কর্মীদের একটি দল ক্যাম্প প্রস্তুত, রুট পরিষ্কার ও দড়ি স্থাপনের কাজ করছিল। ওই সময় তুষারধসের পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনার পর প্রথমদিকে আটজনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে পরিস্থিতি যাচাই করতে গিয়ে নিখোঁজের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায় বলে হিমলুং অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।

নিখোঁজদের সবাই নেপালি নাগরিক। তাদের মধ্যে শেরপা, পর্বতারোহণ সহায়ক কর্মী ও রান্নাঘরের কর্মী রয়েছেন। তারা বিভিন্ন অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। 

হিমলুং হিমালে অভিযানের প্রস্তুতির জন্য নেপালি কর্মীদের একটি দল আগে পাঠানো হয়েছিল। তাদের দায়িত্ব ছিল বেস ক্যাম্প প্রস্তুত করা, রুট ব্যবস্থাপনা এবং রোপ ফিক্সিংয়ের কাজ করা।

হিমালয়ান হলিডেজ ট্রেকিংয়ের প্রতিষ্ঠাতা বিভূতি চন্দ্র ঠাকুর জানিয়েছেন, বিদেশি ক্লায়েন্টদের পাঁচ থেকে ছয় দিনের মধ্যে হিমলুংয়ে পৌঁছানোর কথা ছিল। ফলে তুষারধসের সময় বিদেশি কোনো পর্বতারোহী সেখানে ছিলেন না।

দুর্ঘটনার আগে কয়েক দিন ধরে হিমলুংসহ নেপালের বিভিন্ন উচ্চ পার্বত্য এলাকায় ভারী তুষারপাত হচ্ছিল। একই সঙ্গে নিচু ও মধ্যাঞ্চলে চলছিল টানা বৃষ্টি। আবহাওয়ার অবনতির কারণে পর্বতারোহীদের কার্যক্রম স্থগিত রাখার পরামর্শও দেওয়া হয়েছিল।

নিখোঁজদের উদ্ধারে কাঠমান্ডু ও পোখারা থেকে বেসরকারি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ঘটনাস্থলে পৌঁছাতে পারছিল না। স্থলপথেও দুর্গম ভূপ্রকৃতি ও আবহাওয়ার কারণে দ্রুত উদ্ধারকারী দল পাঠানো কঠিন হয়ে পড়ে। 

নেপাল ন্যাশনাল মাউন্টেন গাইড অ্যাসোসিয়েশন (NNMGA) ও IFMGA-এর সমন্বয়ে একটি উদ্ধারকারী দল হিমলুংয়ের দিকে পাঠানো হয়েছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন পর্বতারোহী গাইড মিংমা গেলজে শেরপা। প্রাথমিকভাবে চার সদস্যের একটি দল হেলিকপ্টারে করে ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করে। 

হিমলুং হিমাল নেপালের মানাং জেলার নার-ফু অঞ্চলে, তিব্বত সীমান্তের কাছাকাছি অবস্থিত। পর্বতটির উচ্চতা ৭ হাজার ১২৬ মিটার। উচ্চতার কারণে এটি অভিজ্ঞ পর্বতারোহীদের কাছে একটি গুরুত্বপূর্ণ পর্বতারোহণ গন্তব্য হিসেবে পরিচিত। 

তবে দুর্গম অবস্থান, দ্রুত পরিবর্তনশীল আবহাওয়া এবং হেলিকপ্টার পরিচালনার ক্ষেত্রে অতিরিক্ত অনুমতির প্রয়োজন হওয়ায় সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করা তুলনামূলকভাবে কঠিন।

ChannelNRB Footer