News Ticker
221.png

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০

শেয়ার

শেয়ার

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক নেতা মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহামাদ আলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (IJN) তার মৃত্যু হয়। তার ছেলে মোখজানি মাহাথির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মালয়েশিয়ার স্থানীয় সময় সকাল প্রায় ৯টা ২০ মিনিটে সিতি হাসমাহ মারা যান বলে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরের তথ্যের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি

সিতি হাসমাহকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্যের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

তার মরদেহ মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার জাতীয় সমাধিক্ষেত্র ‘মাকাম পাহলাওয়ান’-এ দাফন করা হবে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, সোমবার বিকেলে সেখানে তাকে সমাহিত করার কথা রয়েছে। 

১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গরের ক্লাংয়ে জন্মগ্রহণ করেন সিতি হাসমাহ। তিনি সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে চিকিৎসাবিজ্ঞান পড়েন এবং ১৯৫৫ সালে স্নাতক হন। এরপর মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন।

তিনি মালয়েশিয়ার প্রথমদিককার মালয় নারী চিকিৎসকদের একজন ছিলেন। জনস্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্য, টিকাদান, পরিবারকল্যাণ, নারীর উন্নয়ন, মাদকবিরোধী সচেতনতা ও প্রাপ্তবয়স্কদের শিক্ষাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন কাজ করেছেন।

সিতি হাসমাহ ও মাহাথির মোহাম্মদ ১৯৫৬ সালের ৫ আগস্ট বিয়ে করেন। তাদের সংসারে সাত সন্তান রয়েছে। মাহাথির মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

২০২৬ সালের জুলাইয়ে সিতি হাসমাহ তার ১০০তম জন্মদিন উদযাপন করেন। মৃত্যুর কয়েক সপ্তাহ আগেই দীর্ঘ দাম্পত্যজীবনের ৭০ বছর পূর্ণ করেছিলেন এই দম্পতি।

মাহাথির মোহাম্মদের স্ত্রী হিসেবে সিতি হাসমাহ আন্তর্জাতিকভাবে পরিচিত হলেও চিকিৎসা ও জনস্বাস্থ্য খাতে তার নিজস্ব দীর্ঘ কর্মজীবন ছিল। নারী ও শিশুস্বাস্থ্য, সামাজিক কল্যাণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকার জন্য তিনি মালয়েশিয়ায় ব্যাপকভাবে পরিচিত ছিলেন। 

ChannelNRB Footer