News Ticker
221.png

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২১:৫১

শেয়ার

শেয়ার

ভারতের উত্তরপ্রদেশে টানা বৃষ্টি-বন্যায় ৩ দিনে ৬২ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে টানা ভারী বৃষ্টি ও বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর—মাত্র তিন দিনে রাজ্যটিতে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬২ জন। প্রবল বৃষ্টি ও ঝড়ের কারণে রাজ্যজুড়ে অন্তত ২ হাজার ২৫৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে উত্তরপ্রদেশের ত্রাণ কমিশনারের কার্যালয়। 

প্রতিবেদন অনুযায়ী, ২৫ ও ২৬ সেপ্টেম্বর মিলিয়ে ৫৬ জনের মৃত্যু হয়। এরপর ২৭ সেপ্টেম্বর আরও ২৫ জন প্রাণ হারান। ফলে তিন দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮১-তে। 

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ২৫ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে উত্তরপ্রদেশে অস্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হয়েছে। মাত্র ৪৮ ঘণ্টায় রাজ্যে স্বাভাবিকের তুলনায় ৭৭৫ শতাংশ বেশি বৃষ্টি রেকর্ড করা হয়। এর ফলে বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক বিঘ্ন দেখা দেয়। 

রাজ্যের বিভিন্ন নদ-নদীতেও পানি বেড়েছে। বন্যাকবলিত এলাকায় ঘরবাড়ি ও সড়ক ডুবে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। কোথাও কোথাও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালানো হচ্ছে।

পরিস্থিতির অবনতি হওয়ায় উত্তরপ্রদেশের বেশ কয়েকটি এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে। রাজ্যের রাজধানী লখনৌসহ ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রশাসনকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাসিন্দাদের বন্যার পানি ও দ্রুত স্রোতযুক্ত এলাকায় না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে। 

এর আগে রাজ্য প্রশাসন ভারী থেকে অতিভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় একাধিক জেলায় সতর্কতা জারি করেছিল। রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি থাকা জেলাগুলোতে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখার নির্দেশ দেওয়া হয়।

এদিকে প্রতিবেশী নেপালের অতিবৃষ্টির প্রভাবেও উত্তরপ্রদেশের কিছু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নেপালের গণ্ডক নদী অববাহিকায় ভারী বৃষ্টির পর বিপুল পরিমাণ পানি নেমে আসায় গণ্ডক ব্যারাজ থেকে পানিপ্রবাহ বেড়েছে। এর প্রভাবে উত্তরপ্রদেশের কুশীনগরসহ সীমান্তবর্তী এলাকায় বন্যার ঝুঁকি বাড়ার কথা জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

ভারী বৃষ্টি কিছুটা কমার পূর্বাভাস থাকলেও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বন্যার পানি নামতে সময় লাগতে পারে। প্রশাসন উদ্ধার, ত্রাণ ও ক্ষয়ক্ষতির হিসাব তৈরির কাজ চালিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতির ওপর নজর রেখে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

ChannelNRB Footer