News Ticker
221.png

তুরস্কে খনি ধসে ৫ শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ অক্টোবর, ২০২৬ ২০:০৭

শেয়ার

শেয়ার

তুরস্কে খনি ধসে ৫ শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

 তুরস্কের পশ্চিমাঞ্চলীয় মানিসা প্রদেশের সোমা জেলায় একটি ভূগর্ভস্থ কয়লাখনিতে ভয়াবহ ধসে পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরের দিকে ইমবাত মাদেনজিলিক পরিচালিত খনিতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, খনিতে ধস নামার সময় মোট সাতজন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েন। উদ্ধারকারীরা প্রথম পর্যায়ে দুজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। একই সময়ে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতভর উদ্ধার অভিযান চালিয়ে শুক্রবার সকালে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বাকি তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা পাঁচজনে দাঁড়ায়। 

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ AFAD জানিয়েছে, উদ্ধার অভিযানে মোট ৭৫৬ জন কর্মী ও ৭৬টি যানবাহন অংশ নেয়। অভিযানে ফায়ার সার্ভিস, জেন্ডারমেরি, পুলিশ, স্বাস্থ্যসেবা ও খনি উদ্ধারকারী দলের সদস্যরাও অংশ নেন।

আহত দুই শ্রমিকের মধ্যে একজন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। অন্যজনের চিকিৎসা চলছিল বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার পর বিচারিক তদন্ত শুরু হয়েছে। সোমা প্রসিকিউটর অফিসের তত্ত্বাবধানে তদন্তে কোম্পানির কর্মকর্তাদের সম্ভাব্য দায়িত্ব ও অবহেলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় খনি কোম্পানির মহাব্যবস্থাপকসহ ৯ জনকে আটক করা হয়েছে বলে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে।

তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বায়রাকতার জানিয়েছেন, দুর্ঘটনার সব দিক তদন্তে বিশেষজ্ঞদের নিয়ে একটি দল কাজ শুরু করেছে।

মানিসার সোমা অঞ্চলটি তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ কয়লাখনি এলাকা। একই এলাকায় ২০১৪ সালের মে মাসে ভয়াবহ খনি দুর্ঘটনায় ৩০১ শ্রমিক নিহত হয়েছিলেন। সেই দুর্ঘটনা তুরস্কের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী খনি ও কর্মক্ষেত্র দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত।

ChannelNRB Footer