ভারতের মহারাষ্ট্রের অমরাবতী জেলায় সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে দুর্গাপ্রতিমা বহনকারী একটি পিকআপ ভ্যানকে ট্রাকের ধাক্কায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। শুক্রবার (২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাতে জানা গেছে, দুর্ঘটনাটি বৃহস্পতিবার গভীর রাতে অমরাবতীর ধামনগাঁও রেলওয়ে এলাকার কাছে সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের চ্যানেল-৯৭-এ ঘটে। স্থানীয় সময় রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে দুর্গাপ্রতিমা বহনকারী পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
পিকআপ ভ্যানটিতে থাকা ব্যক্তিরা মহারাষ্ট্রের বুলঢানা জেলার শেগাঁও থেকে দুর্গাপ্রতিমা নিয়ে ওয়ার্ধার দিকে যাচ্ছিলেন। তারা ওয়ার্ধার সিন্ধি মেঘে এলাকার একটি মন্দির ও পূজা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নবরাত্রি উপলক্ষে প্রতিমা নিয়ে তারা বাড়ির দিকে ফিরছিলেন।
দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহতদের দ্রুত ধামনগাঁও গ্রামীণ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ওয়ার্ধার একটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকজন আহতের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
অমরাবতীর পুলিশ সুপার নিকেতন কদমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমের তদারকি করেন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
দুর্ঘটনার পর সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে কিছু সময়ের জন্য আতঙ্ক ও বিশৃঙ্খলা তৈরি হয়। পুলিশ দুর্ঘটনার কারণ, গাড়ির গতি এবং সংঘর্ষের পরিস্থিতি খতিয়ে দেখছে। প্রাথমিক প্রতিবেদনে ট্রাকটি পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:







