ইতালির রোমে ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে অভিযান চালিয়ে ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না জব্দ করেছেন দেশটির শুল্ক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। উদ্ধার করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬,০০০ ইউরোরও বেশি। এই ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটে ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া এক বাংলাদেশি নাগরিক ইস্তাম্বুলে যাত্রাবিরতির (লায়ওভার) ফ্লাইটের যাত্রী ছিলেন। গোপন সংবাদ ও সন্দেহের ভিত্তিতে 'ফিউমিসিনো গ্রুপ'-এর কাস্টমস কর্মকর্তা এবং ইতালির অর্থসংক্রান্ত পুলিশ বাহিনী 'গুয়ার্দিয়া দি ফিনানজা' (Guardia di Finanza)-র রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরা তার ওপর বিশেষ নজরদারি ও কাস্টমস তল্লাশি চালান।
প্রথম দফায় যাত্রীর চারটি চেকড লাগেজ (বিমানে জমা দেওয়া ব্যাগ) এক্স-রে স্ক্যান করা হয়। স্ক্যানারে অসঙ্গতি ধরা পড়লে লাগেজগুলো খুলে বিস্তারিত তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ব্যাগের ভেতরে বিভিন্ন প্লাস্টিকের মোড়কে নিখুঁতভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ রুপা ও মূল্যবান অলংকার উদ্ধার করা হয়।
'গুয়ার্দিয়া দি ফিনানজা'-র তথ্য অনুযায়ী, ওই যাত্রী রুপাগুলোর বৈধ উৎস বা সীমান্ত পারাপারের জন্য প্রয়োজনীয় কোনো কাগজপত্র ও অনুমোদন দেখাতে ব্যর্থ হন।
অবৈধ বা চোরাই পণ্য বহনের সন্দেহে ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন দাখিল করা হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি। আলামত হিসেবে জব্দ করা ২৮ কেজি রুপা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে।
আরও পড়ুন:







