News Ticker
221.png

নাইজেরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৪ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ২০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৬ ২১:৪৪

শেয়ার

শেয়ার

নাইজেরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ৪ গাড়ির সংঘর্ষে নিহত অন্তত ২০
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটো রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে হাওয়ান কিবো-জস (Hawan Kibo-Jos) সড়কে চারটি যানবাহনের সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে। দেশটির ফেডারেল রোড সেফটি কর্পস (FRSC) শনিবার দুর্ঘটনায় ২০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

FRSC-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার বিকেল প্রায় ৩টা ৩২ মিনিটে, সপ ওয়াটার ফলসের পরবর্তী একটি এলাকায়। দুর্ঘটনায় একটি ভারী ট্রাক, একটি টয়োটা করোলা গাড়ি, একটি যাত্রীবাহী বাস এবং একটি মোটরসাইকেল জড়িত ছিল। 

দুর্ঘটনার সময় চারটি যানবাহনে মোট ২৫ জন ছিলেন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও দুজন নারী ছিলেন। FRSC জানিয়েছে, দুর্ঘটনায় ২০ জন পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন—তিনজন পুরুষ ও দুজন নারী।

আহতদের উদ্ধার করে রিয়ম জেনারেল হাসপাতাল ও ভম ক্রিশ্চিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ জস ইউনিভার্সিটি টিচিং হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে FRSC। 

প্রাথমিক তদন্তে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে একটি গাড়ির ব্রেক বিকল হওয়া এবং পরে চালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি উঠে এসেছে। তবে ঘটনাটির প্রকৃত কারণ নিশ্চিত করতে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে FRSC। 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি হাওয়ান কিবো এলাকার একটি বাঁকে ঘটে। ব্রেক-সংক্রান্ত সমস্যার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য যানবাহনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করে এবং সড়কে সৃষ্ট প্রতিবন্ধকতা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। 

FRSC-এর কর্পস মার্শাল শেহু মোহাম্মদ দুর্ঘটনায় প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন। তিনি তদন্তকারী দলকে দুর্ঘটনার পরিস্থিতি এবং বিশেষ করে ব্রেক বিকল ও নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ভারী যানবাহন ও বাণিজ্যিক গাড়ির চালকদের গাড়ির রক্ষণাবেক্ষণ, সড়কযোগ্যতা, গতি নিয়ন্ত্রণ এবং নিরাপদ চালনার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। 

ChannelNRB Footer