News Ticker
221.png

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৬ ১৫:২৩

শেয়ার

শেয়ার

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল
ছবি: সংগৃহীত

প্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) খুঁজছে বাংলাদেশি বংশোদ্ভূত চিকিৎসক জাহিদুল ইসলামকে। ১৯৯৭ সাল থেকে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ফিলাডেলফিয়ায় এক নারী রোগীকে যৌন নির্যাতনের অভিযোগে তাঁকে খুঁজছে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী।

এফবিআইয়ের বর্তমান ওয়ান্টেড নোটিশ অনুযায়ী, জাহিদুল ইসলাম একজন বাংলাদেশি নাগরিক ও চিকিৎসক। তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় সংঘটিত কথিত যৌন নির্যাতনের ঘটনায় ‘Unlawful Flight to Avoid Prosecution’ এবং ‘Involuntary Deviate Sexual Intercourse’ অভিযোগে ওয়ান্টেড।

এফবিআইয়ের তথ্য অনুযায়ী, ১৯৯৬ সালের ৩ অক্টোবর ফিলাডেলফিয়ার একটি বড় হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে জাহিদুল ইসলামের বিরুদ্ধে।

তদন্তকারীদের অভিযোগ, অস্ত্রোপচারের পর ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই নারী। জাহিদুল চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করার সময় তাঁকে এমন একটি ওষুধ দেন, যার ফলে তিনি ঝিমিয়ে পড়েন। এরপর তাঁর ওপর জোরপূর্বক যৌন নির্যাতন করা হয় বলে এফবিআইয়ের নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর জাহিদুলের বিরুদ্ধে অঙ্গরাজ্য পর্যায়ে অভিযোগ দায়ের করা হয়। পরে ১৯৯৭ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব পেনসিলভানিয়ায় তাঁর বিরুদ্ধে ফেডারেল গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

এফবিআই বলছে, জাহিদুল ইসলামের নিউইয়র্ক অঙ্গরাজ্য এবং কানাডার মন্ট্রিয়লের সঙ্গে যোগাযোগ বা সম্পর্ক রয়েছে। তদন্তকারীদের ধারণা, তিনি তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে ভ্রমণ করতে পারেন। তাঁর স্ত্রীও একজন চিকিৎসক। তবে বর্তমানে জাহিদুল ঠিক কোথায় অবস্থান করছেন, তা নিশ্চিত করতে পারেনি এফবিআই। 

এফবিআইয়ের নোটিশে তাঁকে ‘armed and dangerous’ হিসেবে বিবেচনা করার সতর্কতা দেওয়া হয়েছে। অর্থাৎ তাঁকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে বিবেচনা করছে মার্কিন কর্তৃপক্ষ। 

ঘটনার পর প্রায় ৩০ বছর পেরিয়ে গেলেও জাহিদুল ইসলামের বর্তমান অবস্থান শনাক্ত করতে পারেনি মার্কিন কর্তৃপক্ষ। ২০২৬ সালেও এফবিআই তাঁর অবস্থান সম্পর্কে তথ্য চেয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করছে।

এফবিআইয়ের ওয়ান্টেড নোটিশে বলা হয়েছে, জাহিদুলের অবস্থান সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে স্থানীয় FBI অফিস অথবা নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করা যেতে পারে। সংস্থাটির ওয়েবসাইটের মাধ্যমে বেনামেও তথ্য দেওয়ার সুযোগ রয়েছে।

১৯৯৬ সালের কথিত যৌন নির্যাতনের এই মামলা সাম্প্রতিক সময়ে নতুন করে আলোচনায় আসে, যখন এফবিআই আবারও জাহিদুল ইসলামকে খুঁজতে জনসাধারণের সহায়তা চায়। প্রায় তিন দশক ধরে পলাতক থাকা একজন বাংলাদেশি চিকিৎসককে নিয়ে মার্কিন তদন্ত সংস্থার এই অনুসন্ধান নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যমের নজর কেড়েছে। 

 

ChannelNRB Footer