News Ticker
221.png

কঙ্গোতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৬ ১৯:০৭

শেয়ার

শেয়ার

কঙ্গোতে দুই নৌকার সংঘর্ষ, নিহত ৩০
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়াতোর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুটি মোটরচালিত কাঠের নৌকা কঙ্গো নদীতে চলাচলের সময় একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ইকুয়াতোর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতুর বরাতে জানা গেছে, একটি নৌকা উবাঙ্গি এলাকা থেকে রাজধানী কিনশাসার দিকে যাচ্ছিল। অন্য নৌকাটি কিনশাসা থেকে লুকোলেলার দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর একটি নৌকা ডুবে যায়। 

দুর্ঘটনার পর উদ্ধারকারী দল নদীতে তল্লাশি শুরু করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মরদেহের কয়েকটি ইতোমধ্যে দাফন করা হয়েছে। তবে নিখোঁজের সংখ্যা এখনও নিশ্চিত নয় এবং উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

একজন নিরাপত্তাকর্মী, যিনি নদীর তীর থেকে দুর্ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জানিয়েছেন, তার ভাষ্য অনুযায়ী উবাঙ্গি থেকে আসা নৌকাটিতে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। সংঘর্ষের পর নৌকাটির অধিকাংশ যাত্রী পানির নিচে আটকা পড়েন বলে তিনি জানান।

ঠিক কী কারণে নৌকা দুটির সংঘর্ষ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু জানিয়েছেন, রাতে নৌযান চলাচলের কারণে কঙ্গোতে অতীতেও বহু দুর্ঘটনা ঘটেছে। 

কঙ্গোতে নদীপথে যাত্রী ও পণ্য পরিবহন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই, দুর্বল নিরাপত্তাব্যবস্থা, নৌযানের রক্ষণাবেক্ষণের ঘাটতি এবং প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দেশটিতে প্রায়ই নৌদুর্ঘটনা ঘটে।

ChannelNRB Footer