News Ticker
221.png

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৬ ২২:১৫

শেয়ার

শেয়ার

প্রবাসীদের জন্য বড় সুখবর দিলো মালয়েশিয়া, বাড়ছে মজুরি
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় স্থানীয় শ্রমিকদের পাশাপাশি বিদেশি কর্মীদেরও ন্যূনতম মাসিক মজুরি বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। বর্তমান ১ হাজার ৭০০ রিঙ্গিত থেকে বাড়িয়ে তা ২ হাজার রিঙ্গিত করা হবে। নতুন মজুরি কার্যকর হবে ২০২৭ সালের জুন থেকে।

শুক্রবার (৯ অক্টোবর) সংসদে ২০২৭ সালের বাজেট উপস্থাপনের সময় এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নতুন এই সিদ্ধান্তে ৪০ লাখের বেশি কর্মী উপকৃত হবেন বলে আশা করছে সরকার। খবর মালয়েশিয়া মাদানির।

মালয়েশিয়ার ন্যূনতম মজুরি নীতি বিদেশি শ্রমিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের কর্মীরাও স্থানীয় শ্রমিকদের মতো আইন অনুযায়ী নির্ধারিত ন্যূনতম মজুরি পাওয়ার অধিকারী।

দেশটিতে ২০১৩ সালে প্রথম ন্যূনতম মজুরি নীতি চালু হয়। সে সময় মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছিল ৯০০ রিঙ্গিত। পরে ২০১৬ সালে তা বাড়িয়ে ১ হাজার, ২০১৯ সালে ১ হাজার ১০০, ২০২০ সালে ১ হাজার ২০০, ২০২২ সালে ১ হাজার ৫০০ এবং ২০২৫ সালে ১ হাজার ৭০০ রিঙ্গিত করা হয়। সর্বশেষ ঘোষণার ফলে ন্যূনতম মজুরি প্রাথমিক হারের দ্বিগুণেরও বেশি হবে।

তবে নতুন মজুরি কাঠামোর আওতার বাইরে থাকবে বার্ষিক লেনদেন ৫ কোটি রিঙ্গিতের কম এমন ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান। নতুন মজুরি বাস্তবায়নের সঙ্গে খাপ খাইয়ে নিতে এসব প্রতিষ্ঠানকে সময় দিতেই এ ছাড় দেওয়া হয়েছে বলে জানান আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা ও মজুরির মধ্যকার ব্যবধান কমানো জরুরি। মূল্যস্ফীতির সঙ্গে আয় তাল মেলাতে না পারায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ পরিস্থিতিতে দেশের মজুরি কাঠামো উন্নত করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে আধা-দক্ষ কর্মী ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের জন্য মাসিক ন্যূনতম বেতন ২ হাজার ৫০০ রিঙ্গিত নির্ধারণের পরিকল্পনাও করছে সরকার।

আনোয়ার ইব্রাহিম বলেন, ন্যূনতম মজুরি শ্রমিকদের আয়ের সর্বনিম্ন সীমা নির্ধারণ করে। তবে দক্ষ অনেক কর্মীই এখনো তাদের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী পারিশ্রমিক পাচ্ছেন না।

এদিকে, অনিবন্ধিত বিদেশি শ্রমিক নিয়োগ ঠেকাতে করবিধি আরও কঠোর করার পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান ছাড়া অন্য প্রতিষ্ঠানগুলোকে মজুরি ব্যয়ের ওপর কর ছাড় পেতে কর্মসংস্থান আইনে অনুমোদিত পদ্ধতিতে ব্যাংক হিসাবের মাধ্যমে বেতন দিতে হবে।

মালয়েশিয়ায় বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শ্রমিক কর্মরত রয়েছেন। নতুন মজুরি কাঠামো কার্যকর হলে এর আওতাভুক্ত বিদেশি কর্মীদের আয় বাড়বে। তবে ২০২৭ সালের জুন থেকে নতুন হার কার্যকর হওয়া এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অব্যাহতি থাকায় সব শ্রমিক একই সময়ে এ সুবিধা পাবেন না।

ChannelNRB Footer