সৌদি আরবের জেদ্দায় ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন (শাবু) মাদক বিক্রি ও প্রচারের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরবের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৮ দশমিক ৫ কেজি মেথামফেটামিন মাদক বিক্রি ও প্রচারের অভিযোগ আনা হয়েছে। তাদের গ্রেপ্তারের সুনির্দিষ্ট সময় এবং জেদ্দার কোন এলাকায় অভিযান চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরবের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, গ্রেপ্তারের পর অভিযুক্তদের হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মামলাটি পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের নাম, বয়স, পেশা ও সৌদি আরবে তাদের বসবাসের স্থান সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনে কোনো তথ্য পাওয়া যায়নি। মামলার পরবর্তী কার্যক্রম কিংবা আদালতের রায় সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।
সৌদি আরবে মাদক পাচার ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাদকসংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য নাগরিক ও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন:







